কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত
বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। রুলে বাণিজ্য সংগঠনের পরিচালকের ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বাণিজ্যসচিব, বাণিজ্য সংগঠনের পরিচালক ও প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে বারভিডা নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে বাণিজ্য সংগঠনের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এই বোর্ডকে নির্বাচন শেষ করে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে বলা হয়েছে।১৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক নাজমুল আহসান মজুমদার এক আদেশে বারভিডার কার্যকরী কমিটি বাতিল করেন ও প্রশাসক নিয়োগ দেন। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বাতিল ঘোষিত কমিটির সভাপতি আবদুল মান্নান চৌধুরী ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন। দুই দিন শুনানি নিয়ে আজ আদালত এ বিষয়ে আদেশ দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী হাসান ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলো ডটকমকে বলেন, আদালত কার্যকরী কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে বর্তমান কার্যকরী কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।কে এম মাসুদ রুমি বলেন, স্থগিতাদেশের ফলে বর্তমান কমিটি নির্বাচনসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।২০১০ সালের ২৭ ডিসেম্বর বারভিডার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই বছরের ওই কমিটির মেয়াদ আগামী বছরের ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা। এর আগেই ১৮ অক্টোবর কমিটি বাতিল করে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোকাব্বার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।