কমিটিবিহীন অবস্থায় চলছে খুলনা নগর ও জেলা ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের কোনো কমিটি নেই। গত দেড় মাস আগে এ কমিটিগুলো ভেঙে দিয়ে কর্মিসভা থেকে মতামত যাচাইয়ের মাধ্যমে নতুন কমিটি গঠন করার কথা ছিল। কিন্তু এখনও খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। স্থানীয় ছাত্রদল নেতাদের সূত্রে জানা গেছে, কমিটি গঠন করার লক্ষ্যে ২৬ জুলাই নগরের জিয়া পাবলিক হলে অনুষ্ঠিত খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের পৃথক কর্মিসভা থেকে কাউন্সিলরদের মতামত গ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। কর্মিসভা শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেছিলেন, ‘জেলা ও নগর কমিটি বিলুপ্ত করা হলেও ১৫ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মীর সূত্রে জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যক্তিগত বিরোধের কারণেই খুলনা ছাত্রদলের কমিটি ঘোষণার বিষয়টি ঝুলে আছে। প্রায় আট বছর পর খুলনায় ছাত্রদলের কর্মিসভা হলেও ওই সভা থেকে লিখিত মতামতের ভিত্তিতে গঠিত হবে জেলা ও নগর কমিটি। তবে এটি কোনো আহ্বায়ক কমিটি না হয়ে পূর্ণাঙ্গ কমিটি হবে। ওই কমিটিই পরে গঠন করবে বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও কলেজ শাখা কমিটিগুলো।দীর্ঘদিন ধরে নগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনকারী, বর্তমানে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং খুলনা সিটি ল কলেজের ছাত্রত্বের দাবিদার শেখ সাদী বলেন, ‘কর্মিসভায় মতামত নিয়ে ১৫ দিনের মধ্যে কমিটি ঘোষণা করার কথা থাকলেও প্রায় দুই মাস পার হলেও তা করা হয়নি। রাজপথের আন্দোলনের জন্য কমিটি থাকা খুবই জরুরি। তা ছাড়া আগের কমিটি থেকে ইতিমধ্যেই অনেকে অন্য পেশায় চলে গেছেন। অনেকে ছাত্রত্ব হারিয়েছেন। ফলে এমনিতেই নগর ছাত্রদলে অনেক পদ শূন্য ছিল। এসব শূন্যস্থান পূরণের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা খুবই জরুরি।’জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামীম কবির প্রথম আলোকে জানান, কমিটি না থাকায় সংগঠনের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এমনিতেই আট বছর আগের করা কমিটি জোড়াতালি দিয়ে চলছিল জেলা ছাত্রদল। তার ওপর কোনো কমিটি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতকে মূল্যায়ন করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়েই দ্রুত কমিটি গঠন করা জরুরি।