কমিটির দ্বন্দ্বে বিদ্যালয়ে তালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে ফসলের মাঠ। মাঝখানে দাঁড়িয়ে ভাটি কাপাসিয়া উচ্চবিদ্যালয়ের দ্বিতল ভবন। দুর্গম এলাকায় মাধ্যমিক শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিভৃত পল্লিতে বিদ্যালয়টি গড়ে ওঠে। কিন্তু নির্মাণের ছয় বছর পেরিয়ে গেলেও এর ভবনে তালা ঝুলছে। ফলে বিশাল ভবনটি কোনো কাজে আসছে না। এলাকার শত শত ছেলেমেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় জমিদাতা, জামায়াত সমর্থক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের গড়া তিন কমিটির দ্বন্দ্বে এই অবস্থার সৃষ্টি হয়েছে।সুন্দরগজ্ঞ উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০০৩ সালে শিক্ষা মন্ত্রণালয় সুযোগসুবিধা বঞ্চিত, অনগ্রসর ও দুর্গম এলাকায় মাধ্যমিক শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি স্থাপনের উদ্যোগ নেয়। এ জন্য স্থানীয় লোকজন এক একর ৩৬ শতক জমি দান করে। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইম্প্রুভমেন্ট প্রজেক্টের (সেসিপ) আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হয়। এতে ব্যয় হয় প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। ২০০৪ সালে বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জমিদাতা ও স্থানীয় জনগণ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় অন্যতম জমিদাতা ভাটি কাপাসিয়া গ্রামের সমাজসেবক দেলদার হোসেনকে সভাপতি করে ১১ সদস্যবিশিষ্ট একটি বিদ্যালয় পরিচালনা কমিটি করা হয়। এই কমিটি শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রধান শিক্ষক, ১২ জন সহকারী শিক্ষক, একজন অফিস সহকারী ও দুজন এমএলএসএস পদে লোক নিয়োগ করে। একই সালে তৎকালীন জামায়াতের স্থানীয় সাংসদ আবদুল আজিজের প্রভাবে কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেছাব উদ্দিন নিজে সভাপতি হয়ে নয় সদস্যবিশিষ্ট পৃথক কমিটি গঠন করেন। চেয়ারম্যান নেছাব ওই এলাকার জামায়াত নেতা মোখলেছুর রহমানকে প্রধান শিক্ষক, জামায়াত সমর্থক ১১ শিক্ষক, দুজন অফিস সহকারী ও চারজন এমএলএসএস পদে লোক নিয়োগ করেন। মজার ঘটনা কোনো শিক্ষক-কর্মচারী বেতনভুক্ত হননি। মোখলেছুর রহমান বলেন, নিয়োগ পেয়েও লাভ হয়নি। কমিটির দ্বন্দ্বের কারণে সব কার্যক্রম ঝুলে আছে। শেষ পর্যন্ত কী হবে জানি না। দেলদার হোসেন কর্তৃক নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক শফিকুল ইসলামও একই কথা বলেন। জমিদাতা দেলদার হোসেন বলেন, ‘নিয়োগ বাণিজ্যের অভিযোগ সঠিক নয়। বিধি মোতাবেক আমাকে সভাপতি করে প্রথম কমিটি গঠন করা হয়। কিন্তু তৎকালীন সাংসদের প্রভাব দেখিয়ে চেয়ারম্যান পৃথক কমিটি গঠন করায় হ-য-ব-র-ল দশা হয়েছে। তাই আমি বাদী হয়ে জজ আদালতে মামলা করেছি, যা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।’ তিনি আরও বলেন, কর্তৃপক্ষের অসহযোগিতায় বিদ্যালয়টি চালু করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে বিদ্যালয় মাঠে শাক-সবজি চাষ করা হচ্ছে। এতে ক্ষতি অনেকটা পুষিয়ে যাচ্ছে।চেয়ারম্যান নেছাব উদ্দিন বলেন, ‘ভবন নির্মাণের পর তৎকালীন সাংসদ আমাকে সভাপতি করে কমিটি গঠন করে দেন। অথচ দেলদার হোসেন নিজেকে সভাপতি হিসেবে দাবি করে জজ আদালতে মামলা করেন।শুধু তাই নয়, কমিটি গঠনের পর উভয় কমিটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পৃথকভাবে ছাত্রছাত্রী ভর্তি করে। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই পাঠদান শুরু করতে পারেনি। ফলে ওই সব ছাত্রছাত্রী মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।ভাটি কাপাসিয়া গ্রামের দিনমজুর কাশেম মিয়া (৪৫) বলেন, ‘বাড়ির কাচে ইসকুল হচে বলি ছোলট্যাক ভততি করি দিনো। ওমার ঘরে গণ্ডগোলত ইসকুলট্যা বন্দো হয়্যা গেলো। কোনো দিন চালু হবি কাউয়ো কবার পায়না। তাই ছোলট্যাক অন্ন ইসকুলোত ভততি করি দিচি।’ এদিকে উভয় কমিটির বিরুদ্ধে লোক নিয়োগের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। এমনকি বিদ্যালয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে দেলোয়ার ও চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘষের্র ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সদস্যসচিব করে নয় সদস্যবিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, সেসিপের বিধি অনুযায়ী কমিটির সভাপতি পদে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার থাকার কথা। অথচ আগের কমিটি দুটি সেই বিধি লঙ্ঘন করে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ এই কমিটি গঠন করা হয়।অপরদিকে ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টিকে পাঁচ বছরের জন্য একাডেমিক স্বীকৃতি প্রদান করে। কিন্তু কমিটি নিয়ে দ্বন্দ্ব ও মামলার কারণে এটি চালু করা সম্ভব হয়নি। সেসিপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলাজনিত কারণে কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আজম বলেন, বিরোধ মীমাংসার জন্য সম্প্রতি উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বিরোধ মীমাংসা হলে দ্রুত বিদ্যালয়টি চালু করা হবে।