কমিটির দ্বন্দ্বে শিক্ষা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলালে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিচালনা কমিটির পদ নিয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বন্দ্ব চলছে। কোথাও কোথাও স্বয়ং স্থানীয় সাংসদ একই সঙ্গে তিন-চারজনকে একই শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি করার সুপারিশ করেছেন। ফলে দ্বন্দ্ব আরও জটিল হয়েছে ওই সব প্রতিষ্ঠানে। এসব দ্বন্দ্বে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিভাবকেরা অভিযোগ করেছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াইল ডিএস ফাজিল মাদ্রাসা, ফুলদীঘি সিনিয়র মাদ্রাসা, ইটাখোলা উচ্চবিদ্যালয় ও আকলাশ শিবপুর শ্যামপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ ছাড়া উপজেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব-কলহ থাকলেও তা সহজে সমাধান করা সম্ভব বলে কর্তৃপক্ষ জানায়।জয়পুরহাট-২ (ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সুপারিশপত্র নিয়ে ৯ নভেম্বর উপজেলার বুড়াইল ডিএস মাদ্রাসা পরিচালনা কমিটির আহ্বায়ক নির্বাচিত হন মুন্দাইল গ্রামের সামছুল আলম চৌধুরী। তিনি বলেন, ‘মাদ্রাসার দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে। এ অধ্যক্ষের বিরুদ্ধে পাঁচ-ছয়টি মামলাও আছে। পুরো আহ্বায়ক কমিটি এক থাকলেও মাদ্রাসার অধ্যক্ষ নূর মোহাম্মদ রব্বানীর সঙ্গে ছলচাতুরিতে পারা যায় না। অবশেষে গত ৫ মে আমি মাদ্রাসার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি। বর্তমানে মাদ্রাসার সভাপতি নেই। তবে স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা আবারও উপজেলার দাশড়া গ্রামের বিতর্কিত সাবেক মেম্বার নাসির উদ্দীনের নামে ডিউলেটার দিয়েছেন।’ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে। এর আগের সভাপতির স্বাক্ষরেই শিক্ষক-কর্মচারীর বেতন ওঠানো হচ্ছে।উপজেলার ফুলদীঘি হাট সিনিয়র মাদ্রাসারও একই দশা। কমিটি নিয়ে ছয় মাস ধরে দ্বন্দ্ব-কলহ চলছে। স্থানীয় সাংসদের সুপারিশে আহ্বায়ক কমিটির সভাপতি হয়ে আসেন আলমপুর গ্রামের মো. মাহফুজার রহমান। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষসহ কমিটির কোনো সদস্য তাঁকে মেনে নেননি বলে মাদ্রাসা সূত্রে জানা গেছে।মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল করিম বলেন, ‘হেলাল সাহেব এই মাদ্রাসার সাবেক এক অধ্যক্ষকে লাঞ্ছিত করেছেন। তিনি এলাকায় অনেক অনিয়মের সঙ্গেও জড়িত।’ অধ্যক্ষকে লাঞ্ছিত করার বিষয়টি এখনো তদন্ত হচ্ছে। তাঁকে এলাকার সাধারণ মানুষ মাদ্রাসার সভাপতি পদে মেনে নিতে পারছেন না। ক্ষমতার অপব্যবহার করে এ মাদ্রাসার সভাপতির পদ তিনি বাগিয়ে নিয়েছেন। তবে এ পর্যন্ত তাঁর সভাপতিত্বে মাদ্রাসার কোনো সভা তিনি আহ্বান করতে পারেননি।আকলাশ শিবপুর শ্যামপুর উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় রাজশাহী বোর্ড থেকে আহ্বায়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়ে আসেন শিবপুর গ্রামের সাইফুল ইসলাম। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের অফিস সুপার। এলাকাবাসী জানান, একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও শুধু এমপির সুপারিশে তিনি স্থানীয় শিবপুর আলিম মাদ্রাসা এবং উক্ত প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটির সভাপতি হয়েছেন। তবে স্থানীয় মহিলা সাংসদ শাহীন মনোয়ারা হক জানান, তিনি সাইফুল ইসলামের নামে কোনো সুপারিশ করেননি।এদিকে ২০ জুন বোর্ড কর্তৃক অনুমোদিত বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য দেওতাহার গ্রামের মনছুর রহমানকে ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়ে আসেন। তিনি বলেন, ‘আগের সভাপতি সংরক্ষিত মহিলা সাংসদ ভুয়া ডিওলেটার দিয়ে সভাপতি হয়েছিলেন। আমি বোর্ডে তাঁর উপযুক্ত প্রমাণ দিয়ে বৈধভাবে সভাপতি হয়েছি।’ ১৮ জুন সাইফুলের বিরুদ্ধে পুরো বিদ্যালয় এলাকায় পোস্টারিং করা হয়। মনছুর রহমান জানান, সাইফুল ইসলাম বিদ্যালয়ে সভাপতি হিসেবে থাকলে এলাকাবাসী খেপে উঠতে পারেন।তবে সাইফুল ইসলাম সভাপতির পদ থেকে বিতাড়িত হয়ে হাইকোর্ট থেকে আবারও ৪ জুলাই দুই মাসের জন্য সভাপতি নির্বাচিত হন। সেই সঙ্গে মনছুর রহমানের সভাপতিত্বের বিরুদ্ধে তিনি হাইকোর্ট থেকে এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন। একই অবস্থা উপজেলার ইটাখোলা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির। প্রথমে বৈধভাবে একটি কমিটি করা হলেও পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় এখন চলছে তদন্ত। আকলাশ শিবপুর শ্যামপুর উচ্চবিদ্যালয়ের অভিভাবক আবু ইউছুব, আব্দুর রহমান এবং আব্দুর রহিম অভিযোগ করেন, সন্তানদের বিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠিয়ে তাদের মুখে শুধু কমিটির কোন্দলের কথাই শোনা যায়। এই বিদ্যালয় থেকে প্রতিবছর সাত থেকে নয়জন জিপিএ-৫ পেত। কিন্তু কোন্দলে লেখাপড়ার এমন দশা যে জিপিএ-৫ পাওয়ার হার কমতে কমতে এ বছর মাত্র একজন পেয়েছে।ফুলদিঘি মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার মন্টু বলেন, কমিটির দ্বন্দ্ব-কলহের জের শিক্ষক ও ছাত্রছাত্রীদের ওপর পড়ছে। এ অবস্থায় পড়াশোনার পরিবেশ নষ্ট করে। যেসব প্রতিষ্ঠানে কমিটি নিয়ে দ্বন্দ্ব চলছে, সেসব প্রতিষ্ঠানে এসএসসি ও এইচএসসির ফল ভালো নয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রাজনৈতিক কারণে দু-একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি নিয়ে মামলা-মোকদ্দমা হচ্ছে। ওই সব প্রতিষ্ঠান পরিচালনায় সাময়িক সমস্যা হলেও তা শিগগিরই সমাধান হয়ে যাবে। জয়পুরহাট-২ সংরক্ষিত আসনের মহিলা মহিলা সাংসদ শাহীন মনোয়ারা হক বলেন, কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি কোন্দল আছে। তবে এ রকম প্রতিষ্ঠানের সংখ্যা বেশি নয়। স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, এলাকার শিক্ষানুরাগীদেরই আমি ডিওলেটার দিয়েছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচিত এমপি ছাড়া সংরক্ষিত মহিলা আসনের সাংসদের ডিওলেটার দেওয়ার এখতিয়ার আছে কি না তা আমার জানা নেই।