কমিশন গঠনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের জন্য কমিশন গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং এ কে এম আবদুল হাকিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।এর ফলে ২৬ জুন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।গতকাল বুধবার সুনামগঞ্জ জেলা কমান্ডের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মালেক হোসেন পীর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। এই রিট আবেদনের ওপর গতকালই সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনসুর হাবিব শুনানি করেন। আজ আদালত এ বিষয়ে আদেশ দেন।রিট আবেদনে গত বছরের ২৯ ডিসেম্বর সরকারের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য পাঁচ সদস্যের কমিশন গঠনের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। এতে বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন কমিশন গঠন করবে। সরকারি প্রজ্ঞাপনে কমিশন গঠন সংসদটির গঠনতন্ত্রের পরিপন্থী বলে দাবি করা হয়।আদালতের আদেশ সম্পর্কে মনসুর হাবিব প্রথম আলোকে বলেন, আদালত সরকারের প্রজ্ঞাপন বিষয়ে কোনো মত দেননি। রিট আবেদনকারী নিজে এ নির্বাচনের একজন প্রার্থী। তাই তাঁর রিট আবেদন দায়ের স্ববিরোধী। সরকারের ওই আদেশে রিট আবেদনকারী সংক্ষুব্ধ হয়েছে এমন কোনো বক্তব্য রিট আবেদনে নেই। এ ছাড়া এ সংক্রান্ত একটি বিষয় আপিল বিভাগে বিচারাধীন থাকায় এ বিয়য়ে হস্তক্ষেপ করা সমীচীন নয়। এসব যুক্তিতে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন।