‘পদ্মা সেতু নিয়ে দুদকে বিশ্বব্যাংকের চিঠি: ১০% ঘুষ চান মন্ত্রী-সচিব’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সেতু বিভাগের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি এখন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান।জনাব ভূঁইয়া দাবি করেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনের সূত্রে তাঁকে জড়িয়ে অসত্য তথ্য পরিবেশিত হয়েছে। তিনি বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগে আমার কার্যকাল ছিল প্রায় দুই বছর। এ সময়ের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের কাজ যে দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নিয়েছি, তা বিশ্বব্যাংকসহ সব দাতা সংস্থা এবং সরকারের কাছে প্রশংসিত হয়েছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের পাঁচটি প্যাকেজের মধ্যে পরামর্শক নিয়োগ একটি। কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্সির জন্য যে পাঁচটি প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেকেরই স্থানীয় পরামর্শক সহযোগী ফার্ম ছিল। এই বাংলাদেশি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানগুলো তাদের প্রিন্সিপাল ফার্মকে কাজ পাইয়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এর অংশ হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন সময়ে মন্ত্রী ও সেতু বিভাগে আমরা যাঁরা কর্মরত ছিলাম, তাঁদের সঙ্গে দেখা করেন। এরূপ দেখা-সাক্ষাতের সময় তাঁরা নিজ প্রতিষ্ঠানের দক্ষতা, অভিজ্ঞতা ও শ্রেষ্ঠত্ব তুলে ধরেন এবং সঠিকভাবে তাঁদের প্রস্তাব মূল্যায়নের অনুরোধ করেন। অন্তত চারটি দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারও এ ব্যাপারে মন্ত্রীর সঙ্গে দেখা করেন। আমি তাঁদের এই বলে আশ্বস্ত করেছি যে প্রস্তাবসমূহ মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের সমন্বয়ে একটি নিরপেক্ষ মূল্যায়ন কমিটি রয়েছে, যার মাধ্যমে সঠিক মূল্যায়নই প্রতিফলিত হবে। বাস্তবেও তা-ই হয়েছে। মূল্যায়নের প্রতিটি পর্যায়ে বিশ্বব্যাংককে অবহিত করে তাদের মতামত নেওয়া হয়েছে। মূল্যায়ন শেষ হওয়ার বহু আগে থেকেই একটি মহল গোপনে ই-মেইলের মাধ্যমে বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সির সঙ্গে যোগাযোগ করে এবং মূল্যায়নের বিষয়ে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করতে থাকে। ওই ই-মেইল যোগাযোগে বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডারসহ যেসব কর্মকর্তা আমাদের সঙ্গে কাজ করতেন তাঁদেরও জড়ানো হয়েছিল। বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটির কিছু কর্মকর্তাও অভিযোগকারীদের সঙ্গে ই-মেইলে যোগাযোগে উৎসাহিত হয়। শোনা যায়, একপর্যায়ে তাঁরা বাংলাদেশে এসে অভিযোগকারীদের সঙ্গে সাক্ষাৎও করেন। কিন্তু পরিতাপের বিষয়, সত্যানুসন্ধানের স্বার্থে তাঁরা আমাদের কারও সঙ্গে কিংবা মূল্যায়ন কমিটির কোনো সদস্যের সঙ্গে দেখা করেননি। পরবর্তীতে বিশ্বব্যাংক আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পূর্বে আমি তাঁদের কাছে প্রস্তাব করেছিলাম, বিশ্বব্যাংক এবং সরকারের পক্ষে আমরা একত্রে বসে অভিযোগগুলো খতিয়ে দেখে এর সত্যাসত্য যাচাই করা হোক। কিন্তু বিশ্বব্যাংকের তরফ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং তাঁরা আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনপূর্বক পদ্মা সেতু কার্যক্রম স্থগিত করে দেয়।’ প্রতিবাদপত্রে আরও বলা হয়, সরকার এসএনসি-লাভালিনকে কার্যাদেশ প্রদান করেনি। কারিগরি মূল্যায়নেও তাদের প্রস্তাব প্রথম হয়নি। কিন্তু প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠানের আর্থিক প্রস্তাব এসএনসির তুলনায় এত বেশি ছিল যে, উভয়ের কারিগরি ও আর্থিক মূল্যায়নের গড় হিসাবে এসএনসির নম্বর বেশি হয়। মূল্যায়ন বিশ্বব্যাংকে পাঠানোর বেশ কিছু সময় পর বিশ্বব্যাংকের কাছ থেকে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। অথচ কারিগরি মূল্যায়ন বিশ্বব্যাংক কর্তৃক অনুমোদিত হয়েছিল। আর্থিক প্রস্তাব কারিগরি মূল্যায়ন অনুমোদনের পরই খোলা হয়। মোশাররফ হোসেন বলেন, ‘পত্রিকার মাধ্যমে জানতে পারি, বিশ্বব্যাংক কানাডা পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর এসএনসি-লাভালিন তাদের প্রতিষ্ঠানের বিগত বেশ কয়েক বছরের অভ্যন্তরীণ নিরীক্ষা করে। ওই নিরীক্ষায় আফ্রিকাসহ বিভিন্ন দেশে কিছু লেনদেনের তথ্য পাওয়া যায়। বাংলাদেশে পদ্মা সেতুর সংশ্লিষ্টতায় এরূপ কোনো লেনদেনের তথ্য পাওয়া যায়নি। যেখানে কাজ পাওয়ার ব্যাপারে বিশেষজ্ঞ কমিটির মূল্যায়ন এবং বিশ্বব্যাংকের ছাড়পত্রই একমাত্র শর্ত, সেখানে বাংলাদেশ সরকারের মন্ত্রী কিংবা সচিবের কমিশন চাওয়ার কোনো প্রশ্নই আসে না।’প্রতিবাদে বলা হয়, প্রথম আলোর প্রতিবেদনে যা ছাপা হয়েছে, তার সঙ্গে দুদকের পাওয়া তথ্যের মিল নেই। মন্ত্রী-সচিবের ১০% ঘুষ বা কমিশন নেওয়ার ব্যাপারে কোনো তথ্য বিশ্বব্যাংকের প্রতিবেদনে নেই।মোশাররফ হোসেন বলেন, ‘বিশ্বব্যাংককে আগেও চ্যালেঞ্জ করেছি। আবারও চ্যালেঞ্জ করতে চাই যে আমার কাজকর্মে কোনো অস্বচ্ছতা খুঁজে পাবেন না।’