কমিশন-বাণিজ্য ঠেকাতে গিয়ে বিপাকে বিমানমন্ত্রী
ভাড়া করা উড়োজাহাজ থেকে মাসে সাড়ে ছয় কোটি টাকার ‘কমিশন-বাণিজ্য’ হাতছাড়া হওয়ায় বাংলাদেশ বিমান-সংশ্লিষ্ট প্রভাবশালী একটি মহলের রোষে পড়েছেন বিমানমন্ত্রী জি এম কাদের। সর্বশেষ সংসদীয় স্থায়ী কমিটি একই মহলের স্বার্থে মাঠে নামায় বিষয়টি প্রকাশ্যে আসে। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।বিমান সূত্র জানায়, গত বছর হজ ফ্লাইটের নামে নাইজেরিয়ার কাবো এয়ারলাইনস থেকে ঘণ্টায় পাঁচ হাজার ৩০০ মার্কিন ডলারে (তিন লাখ ৭০ হাজার টাকা) একটি পুরোনো ত্রুটিপূর্ণ উড়োজাহাজ ভাড়া করা হয়। হজ শেষে সেটি আরও প্রায় ছয় মাস বেশি চালানো হয়।অভিযোগ আছে, ওই উড়োজাহাজ থেকে প্রতি উড্ডয়ন ঘণ্টায় তিন হাজার ২০০ মার্কিন ডলার করে কমিশন আদায় করা হতো। কথিত এই কমিশন বা ঘুষের টাকার ভাগ বিমান-সংশ্লিষ্ট বিভিন্ন প্রভাবশালীর পকেটে যেত। এই অভিযোগের কথা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও জানেন বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে বিমান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল প্রথম আলোকে বলেন, ‘ইন্টেগ্রিটি প্রশ্নে নাকের ওপর দিয়ে মাছিও উড়তে দেব না। কমিশন-বাণিজ্য টমিশন-বাণিজ্য, আই ডোন্ট কেয়ার।’সূত্রটি জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) নিবন্ধন ছাড়া বিশেষ বিবেচনায় কাবোর বিতর্কিত ওই উড়োজাহাজ আগামী হজ পর্যন্ত চালানোর অনুমতির জন্য মহলটি নানা তৎপরতা শুরু করে। পরে এতে যুক্ত হন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন ও সদস্য মইন উদ্দীন খান বাদল। তাঁরা অনেকটা প্রকাশ্যে কাবোর উড়োজাহাজ কেন বন্ধ করা হলো—এ নিয়ে মন্ত্রীকে দোষারোপ করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। একপর্যায়ে কাবোর উড়োজাহাজকে নিবন্ধন ছাড়া উড্ডয়নের অনুমতি দিতে ব্যাপক চাপের মুখে পড়েন বিমানমন্ত্রী। তখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও সরকারের একাধিক সূত্র জানায়। জি এম কাদের গত ৭ জুলাই বিষয়টি প্রধানমন্ত্রীকে বলেছেন। প্রধানমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখতে তাঁর একজন উপদেষ্টা ও একজন জ্যেষ্ঠ মন্ত্রীকে দায়িত্ব দেন।জানতে চাইলে বিমানমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, কাবোর বেশ পুরোনো একটি উড়োজাহাজ বিশেষ বিবেচনায় চালানোর অনুমতি না দেওয়ায় সংসদীয় কমিটির কিছু সদস্য তাঁর প্রতি বিষোদ্গার করছেন। তাঁকে ঘায়েল করতে না পেরে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ করা হচ্ছে।শুধু তাই নয়, কাবো এয়ারওয়েজের স্থানীয় প্রতিনিধিরা একপর্যায়ে বিমানমন্ত্রীকে ঘুষের প্রস্তাব দেওয়ার চেষ্টাও করেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।জানতে চাইলে জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, আমাকে বা আমার সরকারকে পারচেজ করা যাবে না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কোনো অনিয়মকে আনচ্যালেঞ্জড ছেড়ে দেব না।’ তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে সংসদীয় কমিটির কোনো কোনো সদস্যের অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।কাবোর এজেন্ট ছিলেন হাওয়া ভবনের ঘনিষ্ঠ: কাবোর এ দেশের স্থানীয় এজেন্ট বা দালাল ছিলেন হাওয়া ভবনের ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত একজন সামরিক কর্মকর্তা। তত্ত্বাবধায়ক সরকার আমলেও একই ব্যক্তি কাবোর এজেন্ট ছিলেন। ২০০৮ সালে হজ ফ্লাইটের জন্য কাবোর উড়োজাহাজটি ভাড়া করার সময় অনিয়মের অভিযোগ উঠেছিল। তখন হজ ফ্লাইট শেষে কাবোর কাছে বিমান উল্টো টাকা পাওনা হয়। এই পাওনা আদায়ের জন্য উড়োজাহাজটি বছরখানেক ঢাকা বিমানবন্দরে আটকে রাখা হয়। পরে কাবো কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে ২০০৯ সালের হজ ফ্লাইট পরিচালনার সুযোগ পেলে তারা পাওনা পুষিয়ে দেবে। সেভাবেই ওই বছর বিমানের হজ ফ্লাইট পরিকল্পনা হয়। তখন বিমানের বহর পরিকল্পনায় ছিল, কাবোর ওই একটি উড়োজাহাজ এবং বিমানের নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে।কাবোর স্বার্থে যত তৎপরতা: বহর পরিকল্পনাসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, তখন বিমানের নিজস্ব চারটি ডিসি-১০ ও দুটি এয়ারবাস পুরোপুরি উড্ডয়নে সক্ষম ছিল। ওই সময় বিমানের গন্তব্য অনেক কম ছিল, তাই হজ ফ্লাইটের জন্য বাড়তি উড়োজাহাজ দরকার ছিল না। তার পরও ঝুঁকি এড়াতে কাবোর ওই উড়োজাহাজ ভাড়া করার সিদ্ধান্ত হয়। ২০০৯ সালে সব ঠিকঠাকের পর কাবো হজের জন্য উড়োজাহাজ দিতে পারবে না বলে জানায়। তখন এটাকে অজুহাত দেখিয়ে বিমান কর্তৃপক্ষ একটির স্থলে ওরিয়েন্ট থাই থেকে দুটি উড়োজাহাজ অতিরিক্ত দরে (প্রতি ঘণ্টা সাত হাজার ৯০০ ডলারে) ভাড়া করে।পরিচালনা পর্ষদের এক সদস্য জানান, তখন কাবো এয়ারকে কালো তালিকাভুক্ত করার জন্য বিমান পরিচালনা পর্ষদে প্রস্তাব আসে। কিন্তু তা না করে কয়েক দিন পর বিমান কর্তৃপক্ষ সেই কাবো থেকেই বোয়িং-৭৪৭ ভাড়া করে প্রতি উড্ডয়ন ঘণ্টা পাঁচ হাজার ৩০০ মার্কিন ডলার দরে। শুধু তাই নয়, হজের জন্য ভাড়া করা হলেও কাবোর সঙ্গে চুক্তি করা হয় ছয় মাসের। তাতে শর্ত থাকে, উড়োজাহাজটি উড্ডয়ন না করলেও কাবোকে মাসে ২০০ ঘণ্টার ভাড়া দিতে হবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তখন বিমানের নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রেখে ভাড়া করা উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট করিয়েও এসব ঘণ্টা (গ্যারান্টি আওয়ার) পুরো করা যায়নি। এ নিয়ে তখনই কমিশন-বাণিজ্যের অভিযোগ উঠেছিল।বিমানমন্ত্রী জি এম কাদেরও স্বীকার করেছেন, গত হজের সময় কাবোকে কালো তালিকাভুক্ত করার কথা উঠেছিল। কিন্তু তখন নতুন সরকার মাত্র ক্ষমতায় এসেছে, তাই হজযাত্রীদের পরিবহনে কোনো ঝুঁকি না নিয়ে কাবোর জাহাজটি ভাড়ার সিদ্ধান্তে তিনি সম্মতি দিয়েছিলেন। কারণ তখন বিমানের কর্মকর্তারা বলেছিলেন, জেদ্দায় কাবোর প্রভাব রয়েছে, তাদের উড়োজাহাজ না নিলে হজের সময় সেখানে বিমানের হজ ফ্লাইটে ঝামেলা সৃষ্টি করতে পারে।অভিযোগ আছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কাবোর এ দেশীয় এজেন্ট পরিবর্তন হয়। বর্তমান এজেন্ট হচ্ছেন বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যিনি বাংলাদেশ বিমানের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার ঘনিষ্ঠ বলে পরিচিত।বাংলাদেশ বিমান ও মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত নথিপত্রে দেখা যায়, কাবোর এই উড়োজাহাজ প্রায় ২৬ বছরের পুরোনো। বাংলাদেশের সিভিল এভিয়েশনের আইন অনুযায়ী ২০ বছরের অধিক পুরোনো উড়োজাহাজ এ দেশে নিবন্ধন করার সুযোগ নেই। আবার এ দেশের কোনো বিমান সংস্থার বহরে যুক্ত হতে হলে সিভিল এভিয়েশনের নিবন্ধন বাধ্যতামূলক। এ অবস্থায় প্রভাবশালী ওই মহলের তদবিরে গত বছর কাবোর ওই উড়োজাহাজ এবং একই রকম পুরোনো তাদের বিকল্প আরেকটি উড়োজাহাজকে নিবন্ধন ছাড়াই উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।অবশ্য সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, তখন হজের কথা বিবেচনা করে এই অনুমতি দেওয়া হয়েছিল।কিন্তু হজ ফ্লাইট শেষ হওয়ার পরও কাবোর উড়োজাহাজ অতিরিক্ত চার মাস উড্ডয়ন করে। এরপর আরও দুই মাসের জন্য নিবন্ধন অব্যাহতের অনুমোদন নেওয়া হয়। সেটার মেয়াদ শেষ হয় গত ৩০ জুন।ভাড়ার বিমানের স্বার্থে বসিয়ে রাখা হয় নিজস্ব উড়োজাহাজ: অভিযোগ আছে, কমিশন-বাণিজ্যের স্বার্থে বিমানের নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রেখে ঢাকা-জেদ্দা গন্তব্যে কাবোর উড়োজাহাজটি বেশি ব্যবহার করা হয়। এ জন্য নিজস্ব ডিসি-১০ পরিকল্পিতভাবে অচল করে রাখার অভিযোগও রয়েছে। বিমানমন্ত্রী স্বীকার করেছেন, এমন অভিযোগের কথা তিনিও শুনেছেন।শুধু তাই নয়, ত্রুটিপূর্ণ কাবোর ওই উড়োজাহাজ একাধিকবার জেদ্দায় সৌদি কর্তৃপক্ষ আটক করেছিল। গত ২০ মার্চ সেটির পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ারকে আটক করে এবং পরে জরিমানা নিয়ে মুক্তি দেয় সৌদি সরকার।বিমান সূত্র জানায়, কাবোর ওই উড়োজাহাজ দিয়ে সাত মাসে দুই হাজার ২০০ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করা হয়। এ জন্য প্রায় ৮১ কোটি টাকার মতো বিমান ভাড়া বাবদ দিয়েছে। আর এই টাকার অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ৪৯ কোটি টাকা এ দেশীয় কমিশনভোগী চক্রের পকেটে গেছে বলে অভিযোগ রয়েছে। তাই ওই উড়োজাহাজ আগামী হজ পর্যন্ত বহাল রাখার জন্য প্রভাবশালী মহলটির জোরালো তৎপরতার চাপে পড়েন বিমানমন্ত্রী।অবশ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কাবোর এই উড়োজাহাজ রাখলেও সেটি দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা যেত না। কারণ সম্প্রতি সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক চিঠিতে বলেছে, ২০ বছরের অধিক পুরোনো উড়োজাহাজ দিয়ে তাদের দেশে ফ্লাইট পরিচালনা করা যাবে না। অতীতের অভিজ্ঞতা ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।বিরোধের আরও কারণ: এ ছাড়া গলফ ক্লাব, কান্ট্রি ক্লাব, দুটি পাঁচতারকা হোটেল করার নামে বিমানবন্দর-সংলগ্ন সিভিল এভিয়েশনের ১৩০ একর জমি সরকারকে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েও সংসদীয় কমিটির সঙ্গে মন্ত্রীর বিরোধ বাধে। হাজার হাজার কোটি টাকা মূল্যের ওই জমি ইপকো ডেভেলপমেন্ট কোম্পানিকে ইজারা দেওয়ার চুক্তি হয় বিগত আওয়ামী লীগ আমলে। তখন বিমানমন্ত্রী ছিলেন মোশাররফ হোসেন। তিনিই এখন সংসদীয় কমিটির সভাপতি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি সংসদীয় কমিটির বৈঠকে ওই জমির ইজারা চুক্তি বাতিল করার প্রস্তাব করেন।বিমানমন্ত্রী জানান, তিনি যথারীতি সরকারের জমি ফেরত নেওয়ার উদ্যোগ নেন। এরই মধ্যে সংসদীয় কমিটি উল্টো সুর তোলে। সংসদীয় কমিটি এখন বলছে, তারা ইজারাদারের সঙ্গে সমঝোতা করেছে যে হোটেল ও ক্লাব নির্মাণের জন্য নির্দিষ্ট ১০ একর এবং আরও ২৫ একর জমি দিলে ইজারাদার তা মেনে নেবে এবং ১২৫ একর সরকারকে ফেরত দেবে।মন্ত্রী বলেন, সরকারি জমি সরকার ফেরত নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ জন্য মন্ত্রণালয় আইনি পদক্ষেপ নিচ্ছে। এ ক্ষেত্রে সংসদীয় কমিটিকে সমঝোতার এই দায়িত্ব কে দিল? তা ছাড়া ভবিষ্যতে বিমানবন্দর সম্প্রসারণে এই জমি দরকার হবে।এ ব্যাপারে মোশাররফ হোসেন বলেন, ‘ইপকো থেকে এই জমি উদ্ধার করতে হলে মামলা করতে হবে। কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার। তা ছাড়া আমরা উপলব্ধি করেছি যে ঢাকায় একটি গলফ ক্লাব এবং ওই জায়গায় একটি হোটেল দরকার। তাই আমরা একটি উপকমিটি করি। কমিটি সিদ্ধান্ত নেয়, ওদের ২৫ একর ছেড়ে দিলে তারা সরকারকে ১০৫ একর দেবে। সেই অনুযায়ী আমরা সমঝোতা করি।’এ ছাড়া বিমানের দুর্নীতি তদন্ত করতে বিভিন্ন দেশ সফর করার সুযোগ না পেয়ে সংসদীয় কমিটি বিমানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়েছে বলে জানা গেছে। বিমানমন্ত্রী বলেন, ‘বিমানের দুর্নীতি তদন্ত করতে সংসদীয় কমিটিকে বিদেশে যেতে দিইনি—এ অভিযোগ ঠিক নয়। আমি তাদের সামনে বিমান কর্তৃপক্ষকে বলেছি, যদি সম্ভব হয় তাদের পাঠানোর ব্যবস্থা করা হোক। বিমান বলল, সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য তাদের কোনো তহবিল নেই। তারপর কমিটি বলল মন্ত্রণালয় থেকে টাকার ব্যবস্থা করতে। তখন আমাদের সচিব সাহেব বললেন, মন্ত্রণালয় এ রকম কোনো সফরের জন্য তহবিল দিতে পারে না। সংসদীয় কমিটি তদন্ত করতে গেলে তাদের টাকা দেবে সংসদ।’