কমিশন বাণিজ্যের পরোয়া নাই: বাদল
প্রথম আলো: বিমানের বহরে ভাড়ার মেয়াদ শেষ হওয়া কাবোর উড়োজাহাজটি রাখতেই হবে, আপনারা এমন অবস্থান নিলেন কেন?মইন উদ্দিন খান বাদল: বিমান বা কাবোর সঙ্গে যোগাযোগ করলে কারণ জানতে পারবেন। বিমান আমাদের জানিয়েছে, তারা ওরিয়ন্টে থাই এয়ার থেকে দুটি এবং কাবোর এই উড়োজাহাজটি পরিচালনা করে গতবার লাভবান হয়েছে। সে জন্য আমরা কাবোর উড়োজাহাজটি রাখতে বলেছি। বিমান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, তাদের হাতে যতগুলো উড়োজাহাজ আছে তার মধ্যে কাবোর এই উড়োজাহাজটি থেকে ৫০ কোটি টাকার বেশি লাভ হয়েছে। এই উড়োজাহাজটি রীতিমতো পুরো এক স্টেডিয়ামের মানুষ বহন করতে পারে। তাই তারা এটি রাখতে চায়। প্রথম আলো: গত বছর হজ ফ্লাইটের জন্য ৫২৩ জন যাত্রী বহনে সক্ষম এই উড়োজাহাজটি ভাড়া করার সময় বিমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। তখন সংসদীয় কমিটি কোনো পদক্ষেপ নেয়নি কেন? মইন উদ্দিন খান: কোনো অনিয়ম হয়ে থাকলে আমাদের কমিটি তদন্ত করে দেখবে। এর সঙ্গে হজ ফ্লাইটের সম্পর্ক নেই। এ বিষয়ে কাবোর বক্তব্য একরকম, বিমানের বক্তব্য আরেকরকম। আমাদের কথা হলো, বিমান সিদ্ধান্ত নিয়েছিল, কাবোর উড়োজাহাজটি তারা চালাবে। কারণ কাবো কম দরে উড়োজাহাজ ভাড়া দিয়ে থাকে। কাবোর কথা হলো, তারা দীর্ঘমেয়াদি চুক্তি করবে। বিমানও চেয়েছে চুক্তির মেয়াদ বাড়াতে। কিন্তু মন্ত্রী বাধা দিয়েছেন। প্রথম আলো: বিধান অনুযায়ী তো ২০ বছরের বেশি পুরোনো উড়োজাহাজ চালানোর সুযোগ নেই। কাবোর উড়োজাহাজটি তো তার চেয়েও পুরোনো। মইন উদ্দিন খান: বিমানমন্ত্রী বলেছেন, ২০ বছরের পুরোনো উড়াজাহাজ উড়তে দেওয়া যাবে না। সংসদীয় কমিটির সভায় মন্ত্রীকে জিজ্ঞেস করেছি, আপনি যে বিমানের ডিসি-১০ দিয়ে যাত্রী আনা-নেওয়া করছেন সব কটির বয়সই তো ৩০ বছরের বেশি। তিনি বলেছেন, সৌদি কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে, ২০ বছরের পুরোনো উড়োজাহাজ ব্যবহার করা যাবে না। কিন্তু মন্ত্রী মহোদয় কী খবর রাখেন, সৌদি এয়ারলাইনসের বহরেও ২০ বছরের বেশি পুরোনো ১৪টি উড়োজাহাজ রয়েছে! তারপরও আমাদের আইনে আছে বিশেষ প্রয়োজনে এ বিষয়ে ছাড় দেওয়া যাবে। প্রথম আলো: অভিযোগ রয়েছে, কাবোর এই উড়োজাহাজ বিমানের বহরে রাখার জন্য শুরু থেকেই উড্ডয়ন ঘণ্টা ধরে কমিশন বা ঘুষ পাচ্ছে বিমানের সংশ্লিষ্ট একটি মহল। কাবোর পক্ষে কথা বলায়, এখন আপানাদের নামও আলোচনায় এসেছে। মইন উদ্দিন খান: ইন্টিগ্রিটি প্রশ্নে নাকের ওপর দিয়ে মাছিও ওড়তে দেব না। কমিশন বাণিজ্য-টমিশন বাণিজ্য, আই ডোন্ট কেয়ার (আমি পরোয়া করি না)। প্রথম আলো: এবারের হজ ফ্লাইটের প্রস্তুতি নিয়ে আপনারা উদ্বেগ প্রকাশ করছেন। কাবোর উড়োজাহাজটি বহরে না রাখাটাই কি আপনাদের উদ্বেগের কারণ? মইন উদ্দিন খান: গতবার তিনটি উড়োজাহাজ দিয়ে ৩২ হাজার হজযাত্রী আনা-নেওয়া করা হয়েছিল। এবার তিনটি উড়োজাহাজ দিয়ে ৪৫ হাজার হজযাত্রী কীভাবে নেওয়া সম্ভব? এ নিয়ে বিপর্যয় ঘটলে তার দায় তো শেখ হাসিনাকে নিতে হবে, বিমানমন্ত্রীকে নয়। বিমানমন্ত্রী বলেছেন, এবার তাঁরা থার্ড ক্যারিয়ার (বেসরকারি বিমান) ব্যবহার করবেন। কমিটির প্রশ্ন হলো, থার্ড ক্যারিয়ার বিভিন্ন দেশ ঘুরে সৌদি আরব যাবে। তাদের দরকারমতো উড়োজাহাজ পরিবর্তন করবে। কোনো জায়গায় ১১ ঘণ্টা, কোনো জায়গায় ১৮ ঘণ্টা লাগতে পারে। আমাদের আধাশিক্ষিত বয়স্ক হজযাত্রীদের যাত্রাবিরতিতে কে সহযোগিতা করবে? যদি কোনো হজযাত্রী হারিয়ে যান বা অসুস্থ হয়ে পড়েন, তার দায়দায়িত্বটা কে নেবে? প্রথম আলো: বিমানের দুর্নীতি নিয়ে আপনারা তদন্ত করেছেন। সে প্রতিবেদন প্রকাশ হচ্ছে না কেন?মইন উদ্দিন খান: তদন্ত প্রতিবেদন আগামী অধিবেশনে দিয়ে দেব। কমিটি সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি তদন্তের জন্য দুবাই-লন্ডন যাবে। সাধারণ রেওয়াজ হলো, কমিটির খরচ মন্ত্রণালয় বহন করে। অথচ আমাদের ক্ষেত্রে উনারা শুধু চিঠি চালাচালি করছেন। মন্ত্রী বললেন, বিমান স্বাধীন। তাদের তিনি কিছু বলতে পারবেন না। শেষে আমি বিমানের ব্যবস্থাপনা পরিচালককে বলেছি, এই কমিটি বিমানের টিকিট চায় না। তদন্ত কাজ আমরা নিজেরাই নিজেদের মতো করে শেষ করব।প্রথম আলো: সংসদীয় কমিটি বিমানবন্দরের কাছে ১৪০ একর জমির ইজারা বাতিলের বিপক্ষে কেন অবস্থান নিয়েছে?মইন উদ্দিন খান: সংসদীয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন নিজেই বলেছিলেন এ জায়গা ইপকো ডেভেলপমেন্ট লিমিটেডকে দেওয়া যাবে না। এ জন্য আমরা একটি উপকমিটিও গঠন করেছি। কমিটির তদন্ত শেষে দেখা গেছে, বিষয়টি অনেক দূর গড়িয়েছে। সরকারের সঙ্গে চুক্তিও হয়েছে এবং এ নিয়ে মামলাও হয়েছে। যে কারণে আমরা সমঝোতার কথা বলেছি। কারণ মামলা গড়ালে সরকারের ক্ষতি হবে বলে কমিটি মনে করে।