কমিশন বিএনপির সঙ্গে বিতর্ক চায় না: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সম্পর্কে বিএনপির অভিযোগ ভিত্তিহীন। এ বিষয়ে তারা যে চিঠি দিয়েছে, তার প্রতিটি লাইনের জবাব দেওয়া যেত। কিন্তু ইসি কারও সঙ্গে বিতর্কে জড়াতে চায় না।বিরোধী দলকে সংলাপে আনার বিষয়ে বাংলাদেশ ন্যাপের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কমিশন দেড় মাস ধরে সংলাপ চালিয়ে যাচ্ছে। সব দলের মতামত একত্র করে প্রস্তাবগুলো সরকারের কাছে পাঠাতে হবে। এসব ঝামেলার মধ্যে সংলাপে কেউ না আসলে আমরা তো আবহমান কাল ধরে কারও জন্য অপেক্ষা করতে পারব না।’ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনী আইন সংস্কারবিষয়ক সংলাপে আজ বৃহস্পতিবার সিইসি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি চাইলে আগামী ৭ আগস্টের আগে যেকোনো সময়ে ইসির সঙ্গে সংলাপে বসতে পারে। তাদের জন্য ইসি উন্মুক্ত।বিএনপির চিঠির বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান। একে কেউ যেনতেনভাবে তুচ্ছ জ্ঞান করবেন, আর আমরা বারবার তোষামোদ করব, এটা হতে পারে না।’প্রসঙ্গত, সংলাপে অংশ নেওয়ার জন্য ইসি বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে তিন দফা চিঠি দেয়। তিনবারই বিএনপি তা প্রত্যাখ্যান করে।সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। জেবেল রহমানের নেতৃত্বে বাংলাদেশ ন্যাপের নয় সদস্যের প্রতিনিধিদল আজকের সংলাপে অংশ নেয়।৭ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে সংলাপ: আগামী ৭ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ দলটির উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এবং এ বি এম রিয়াজুল কবির কাওসার ইসিতে গেলে তাঁদের চিঠি দিয়ে এ বিষয়ে জানানো হয়।