কমিশনার নিয়োগে সংলাপ চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানাবে বিএনপি।বিএনপির দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। তবে দলটি একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনও চালিয়ে যাবে। দলটির নেতারা বলেছেন, দাবি আদায় ও সমস্যা সমাধানে আন্দোলন ও আলোচনা—দুটোই করতে প্রস্তুত বিএনপি।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, সরকার একতরফাভাবে কমিশনে লোক নিয়োগ দিলে নির্বাচন সুষ্ঠু হবে না। এ জন্য অবশ্যই বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে হবে। তিনি বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে আলোচনার আহ্বান জানাতে পারি, জানাচ্ছিও। কিন্তু আলোচনায় বসানোর দায়িত্ব সরকারের। আমরা আশা করব, সরকার ঐকমত্যের ভিত্তিতে কমিশনারদের নিয়োগ দেবে।’বিএনপির সংশ্লিষ্ট সূত্রটি জানায়, নির্বাচন কমিশন নিয়োগের জন্য সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে সংলাপে বসতে সরকারকে আহ্বান জানাবে বিএনপি। তবে সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব সরকারের কাছ থেকে আসতে হবে, আর তা হলে বিরোধী দল তাতে সাড়া দেবে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত মঙ্গলবার চার দলের জনসভায় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, একতরফাভাবে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হলে বিএনপি তা মেনে নেবে না। তাঁরা বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে দলের অবস্থান নির্ধারণ করেছেন। গত ৩ জুন দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি, প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে দলীয় অবস্থান চূড়ান্ত করেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। বিএনপি দলীয় সরকার ও দলীয় নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচনে অংশ নেবে না।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিরোধী দলের সঙ্গে সরকার আলোচনা করতে চায়। এ বিষয়ে সংসদে এসে প্রস্তাব দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু বিএনপি কেবল অনানুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দেয়। তারা সংসদে এসে বলুক, সরকার অবশ্যই তা বিবেচনা করবে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়। সে সময় এ টি এম শামসুল হুদাকে সিইসি ও মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামী ফেব্রুয়ারিতে এই তিনজনের মেয়াদ শেষ হবে।বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেন, নিরপেক্ষ ও দক্ষ নির্বাচন কমিশন গঠনে সরকার বিএনপির মতামত চাইলে তা দিতে দলটি প্রস্তুত আছে। এই বার্তা ইতিমধ্যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌঁছানো হয়েছে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বিএনপি বিভিন্ন সভা-সমাবেশে সরকারের কাছে আহ্বান জানায়। অনেক সময় গণমাধ্যমের সহায়তায়ও তারা এই কাজ করেছে। কিন্তু সরকারের কথা হলো, তাদের কোনো বক্তব্য থাকলে তা সংসদে এসে প্রস্তাব দিতে হবে।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মাহাবুবুর রহমান বলেন, সবকিছু নিয়ে বিরোধী দলের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত। বিএনপি বরাবরই আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনেও তা অব্যাহত থাকবে।