কমিশনার নিয়োগের শর্তাবলি সংবিধানে স্পষ্ট করা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার নিয়োগের শর্তাবলি এবং সর্বোচ্চ কতজন কমিশনার নিয়োগ দেওয়া হবে, তা সংবিধানেই স্পষ্ট করা প্রয়োজন। আজ সোমবার এ অভিমত দেন বিশেষজ্ঞ ব্যক্তিরা। নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনা ও দ্বিবার্ষিক কর্মপরিকল্পনার অভিষেক অনুষ্ঠানে তাঁরা এ মত দেন।রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবু হেনা বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের শর্ত এবং যোগ্যতা-অযোগ্যতা সংবিধানে উল্লেখ করা প্রয়োজন। এ জন্য প্রয়োজনে একটি সার্চ কমিটিও গঠন করা যেতে পারে। এ ছাড়া প্রার্থীর নির্বাচনী ব্যয় যাচাইয়ের জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হলে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য কমে আসবে।অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, আগে নির্বাচন কমিশন আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে কাজ করত। এখন অংশগ্রহণমূলক মনোভাব নিয়ে কাজ করছে। এর পরও কমিশনের কিছু দুর্বল দিক আছে। সে জন্য কমিশনার নিয়োগ সম্পর্কে সংবিধানে যা বলা আছে, তার বাস্তবায়ন দরকার।অনুষ্ঠানের সভাপতি সিইসি এ টি এম শামসুল হুদা কমিশনের দ্বিবার্ষিক কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, কমিশনকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দল, বিচার বিভাগ ও গণমাধ্যমকে সহায়ক ভূমিকা রাখতে হবে। সংবিধানে কমিশনার নিয়োগের জন্য আইন করার কথা বলা থাকলেও সরকারগুলো গত ৪০ বছরে তা করেনি। এখন সে আইনটি অপরিহার্য হয়ে উঠেছে। কারণ কতজন কমিশনার নিয়োগ করা হবে, তা নির্ধারিত না থাকায় বিগত সরকারের সময় ছয়জন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁদের বসার জায়গা দিতে সচিব, যুগ্ম সচিবদের কক্ষ ছেড়ে দিতে হয়েছিল।সিইসি বলেন, নির্বাচনকে পক্ষপাতমুক্ত করতে নির্বাচনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য পৃথক আচরণবিধি তৈরির প্রয়োজন আছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি যাই হোক না কেন, এই পদ্ধতি স্বচ্ছ হতে হবে। নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব আগের তুলনায় কমলেও এখন মনোনয়ন-বাণিজ্য শুরু হয়েছে। প্রার্থীরা দলের মনোনয়ন পাওয়ার জন্য টাকা খরচ করেন। তবে এটা বন্ধ করতে নির্বাচন কমিশনের চেয়ে রাজনৈতিক দলগুলোকে বেশি ভূমিকা রাখতে হবে।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, প্রার্থীরা যেসব তথ্য জমা দিচ্ছেন, তা পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এতে অযাচিত লোককে নির্বাচন থেকে দূরে রাখা যাবে।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল আলম লেনিন বলেন, শক্তিশালী গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার। আর শক্তিশালী নির্বাচন কমিশন হলে দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, কমিশনার নিয়োগের জন্য কোনো আইন না হলেও ভবিষ্যতে কমিশনার হিসেবে বিতর্কিত কাউকে নিয়োগ দেওয়া যাবে না। সে রকম হলে গত সাড়ে চার বছরে কমিশন যা অর্জন করেছে, তা নষ্ট হয়ে যেতে পারে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনার, অধ্যাপক দিলারা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান, ব্রতীর নির্বাহী পরিচালক শারমীন মুর্শেদ প্রমুখ।