কমিশনের অধীনেই নির্বাচন: আ.লীগ
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে সব দল অংশ নেবে এবং তা অবাধ, নিরপেক্ষ ও সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন।’গতকাল বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি বলেন, দেশে আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দরকার নেই। আদালতের রায় ও অতীত অভিজ্ঞতা তা-ই প্রমাণ করে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গত মঙ্গলবার চার দলের জনসভায় বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না।গতকালের সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ জনসভায় করা বিরোধীদলীয় নেত্রীর বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন এবং সরকার ও দলের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তাহলে উনি এখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য ভালো মানুষ কোথায় পাবেন?’সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়ার জনসভার উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, তাঁর দুর্নীতিবাজ দুই ছেলেকে রক্ষা করা। দ্বিতীয়ত, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। বক্তৃতায় করা তাঁর অন্যান্য অভিযোগ ছিল অসত্য ও বানোয়াট। তাঁর কাছে এমন অসত্য বক্তব্য আশা করা যায় না।খালেদা জিয়ার উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘তাঁর কী স্মরণ নেই, কীভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল? কীভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল? কীভাবে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল? তিনি কি এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার চান যে দুই নেত্রীকে আবার গ্রেপ্তার করা হোক, তাঁর ছেলেদের নির্যাতন করা হোক, সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হোক।’ তিনি বলেন, ‘তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতায় ছিল। সেই সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, অত্যচার-নির্যাতনকারী বারী-আমিন—এঁরা ছিলেন খালেদা জিয়ার আপন লোক। সেই আপন লোকদের তিনি আবার চান। কিন্তু আমরা চাই না।’সৈয়দ আশরাফ বলেন, ‘বর্তমান সরকারের সময়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, এমনকি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। সরকার কোনো হস্তক্ষেপ করেনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও করবে না।’আওয়ামী লীগের সাধারণ সম্পদক বলেন, ‘বিএনপি আমলের নির্বাচন কমিশনে করা ভোটার তালিকায় দেড় কোটি ভুয়া ভোটার ছিল। পরে আবার নির্বাচন কমিশনই সঠিক ভোটার তালিকা করেছে। আমরা চাই এমন একটা নির্বাচন কমিশন, যারা সম্পূর্ণভাবে সরকার থেকে দূরে থাকবে। তাহলেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।’আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সরকার কোনো বাধা দেয়নি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশ তো শান্তিপূর্ণ ছিল না। সমাবেশে গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করা হয়েছিল। এই সরকারের সময়ে তো ৬৪ জেলায় একযোগে ৫০০ বোমা হামলা হয়নি। খালেদা জিয়ার আমলের মতো দুজন সংসদ সদস্য নিহত হননি। সংখ্যালঘুদের ওপর পাশবিক নির্যাতন করা হয়নি। অপারেশন ক্লিনহার্টের নামে শত শত লোককে হত্যা করা হয়নি। বিদেশিদের র্যাবকে কোনো ধরনের প্রশিক্ষণ ও সহায়তা না দেওয়ার খালেদা জিয়ার আহ্বান বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, র্যাব আওয়ামী লীগ সরকার সৃষ্টি করেনি, তারাই করেছে। বাংলা ভাষায় যে ক্রসফায়ার শব্দটি এসেছে, সেটিও তাদের আমলেই।দুর্নীতির অভিযোগ সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, ‘উইকিলিকস নিয়ে আমরা কোনো মন্তব্য না করলেও বিএনপিই তাদের পক্ষে গেলে সেটির উদ্ধৃতি দেয়। সেই উইকিলিকসে বলা হয়েছে, খালেদা জিয়ার সময়ের মুখ্য সচিব কামাল সিদ্দিকী মার্কিন দূতাবাসে গিয়ে বলেছিলেন, দুর্নীতির মূল কেন্দ্র হাওয়া ভবন এবং তারেক এর মূল হোতা।’সৈয়দ আশরাফ দাবি করেন, বর্তমান সরকারের সময়ে দুর্নীতি অনেক কমেছে। ক্রমান্বয়ে দুর্নীতি আরও কমাতে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন।এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়োগ-প্রক্রিয়ায় সার্চ কমিটি গঠনের ব্যাপারে আমরা একমত। এ ব্যাপারে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। সংসদে এটা আইন আকারে আনার উদ্যোগ নেওয়া হবে।’সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ, নূহ-উল-আলম লেনিন, বি এম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।