কমিশনের কর্মশালা ডাকার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণে গ্রামীণ ব্যাংক কমিশনের ডাকা কর্মশালা আয়োজনের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। আইন অনুযায়ী, গ্রামীণ ব্যাংক কমিশনের কার্যপরিধিতে এ ধরনের কর্মশালা ডাকার সুযোগ নেই বলে মনে করছেন ওই কর্মশালায় আমন্ত্রিত অনেকে।কমিশনের যেকোনো কার্যক্রম বিচারিক কার্যক্রম বলে বিবেচিত এবং তাদের কর্মশালা ডেকে মতামত নেওয়ার সুযোগ নেই—এমন মতামত জানিয়ে সরকার গঠিত গ্রামীণ ব্যাংক পর্যালোচনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে মনোওয়ার উদ্দিন আহমদ কর্মশালায় অংশ নেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার কমিশন চেয়ারম্যানকে চিঠি দেন। তিনি এ ধরনের কর্মশালা আয়োজন থেকে কমিশনকে বিরত থাকার জন্য লিখিতভাবে আহ্বান জানান।গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামো নিয়ে আগামী ২ জুলাই সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গ্রামীণ ব্যাংক কমিশন এ কর্মশালার আয়োজন করেছে। ইতিমধ্যে গ্রামীণ ব্যাংককে ভেঙে ১৯ টুকরা করা, সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোসহ একাধিক সুপারিশ করেছে এই কমিশন। এসব সুপারিশ কর্মশালায় আমন্ত্রিত অর্থনীতিবিদসহ বিশিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে। ‘দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’-এর আওতায় গ্রামীণ ব্যাংক কমিশন গঠন করা হয়েছে। অথচ এ কর্মশালা আয়োজনের বিষয়টি এই আইনের সঙ্গে সাংঘর্ষিক। এসব তথ্য উল্লেখ করে মনোওয়ার উদ্দিন তাঁর চিঠিতে আরও বলেছেন, আইনের ৪ ধারায় কমিশনের ক্ষমতা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই কমিশনকে একটি দেওয়ানি আদালত বলে বিবেচনা করতে হবে। আবার ৫ ধারার ৫ উপধারায় বলা হয়েছে, দণ্ডবিধির ১৯৩ ও ২২৮ অনুযায়ী এই কমিশনের যেকোনো কার্যক্রম বিচারিক কার্যক্রম হিসেবে বিবেচিত হবে।মনোওয়ার উদ্দিন আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, পর্যালোচনা কমিটির সুপারিশেই কমিশন গঠন করা হয়েছে। আর অনুসন্ধান আইনের আওতায় কমিশনের এখতিয়ারে কর্মশালা ডেকে মতামত নেওয়ার সুযোগ নেই। কেননা অনুসন্ধান কমিশনের কার্যক্রম সম্পূর্ণ বিচারিক কার্যক্রম। এ বিষয়ে গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান মামুন উর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক জানান, তিনি এই কর্মশালায় আমন্ত্রণ পাননি এবং এ বিষয়ে কিছু জানেন না।গ্রামীণ ব্যাংক কমিশন থেকে আমন্ত্রিতদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের বিষয়ে কমিশন অন্তর্বর্তী প্রতিবেদন ইতিমধ্যে সরকারের কাছে দাখিল করেছে। এখন চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতির লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই পর্যায়ে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামোর বিষয়ে অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনার জন্য ‘গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামো: কিছু ভাবনা’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। গত বছরের ১২ মে সরকার গ্রামীণ ব্যাংক কমিশন গঠন করে। সাবেক সচিব মামুন উর রশীদকে প্রধান করে গঠিত এ কমিশনের অন্য সদস্যরা হলেন আইনজীবী আজমালুল হোসাইন কিউসি ও হিসাববিদ মোসলেউদ্দীন আহমেদ।