কমিশনের ক্ষমতা বাড়িয়ে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিশনের ক্ষমতা বাড়িয়ে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) বিল ২০১৩ আজ রোববার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। ভূমিমন্ত্রী রেজাউল করিম বিলটি সংসদে উত্থাপন করেন।উত্থাপনের পর বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলটি উত্থাপনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে বিরোধী দলের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি নিয়ে বিরোধ চলছে। সেখানে বাঙালি ও উপজাতিরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। বিষয়টি দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এই বিল উত্থাপনের আগে পার্বত্য চট্টগ্রামের উপজাতি ও বাঙালিদের সঙ্গে পরামর্শ করার দরকার আছে। তবে জাফরুল ইসলামের দাবি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলে আইনের ৬ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, পুনর্বাসিত শরণার্থীদের ভূমিসংক্রান্ত বিরোধ এবং অবৈধ বন্দোবস্ত ও বেদখল হওয়া ভূমিসংক্রান্ত বিরোধ পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইনে নিষ্পত্তি করবে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। ৭ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, চেয়ারম্যানসহ উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের গৃহীত সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। বিদ্যমান ৭ ধারায় বলা হয়েছে, কমিশন সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হতে না পারলে চেয়ারম্যানের সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে। আইনের ৯ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, আবেদন নিষ্পত্তির আগে যেকোনো পর্যায়ে ন্যায়বিচারের স্বার্থে কমিশনের অনুমতি সাপেক্ষে আবেদনকারী তাঁর আবেদন একবার সংশোধন করতে পারবেন। ১৩ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, কমিশনের সচিব ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য জেলার উপজাতীয়দের অগ্রাধিকার দিতে হবে।