কমিশনের বিনিময়ে চাকরিপ্রার্থী জোগাড় করতেন জাফিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র রংপুরে ফাঁসের ঘটনায় করা মামলার আসামি জাফিরুল ইসলামকে (৩৪) দুই দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।গত ২৪ মার্চ রংপুর শহরের ঘাট এলাকার বাড়ি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা সদর উপজেলার হাজিরহাট এলাকার জাফরগঞ্জ ফাজিল মাদ্রাসার প্রভাষক জাফিরুলকে গ্রেপ্তার করেন।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে জাফিরুল জানিয়েছেন, তিনি নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমানের ভাগনে কাকনকে প্রাইভেট পড়াতেন। এ সময় অধ্যক্ষ মাহফুজারের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। একপর্যায়ে মাহফুজার তাঁকে কমিশনের বিনিময়ে সহকারী শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জোগাড় করে দেওয়ার প্রস্তাব দেন। এই প্রস্তাবে সাড়া দিয়ে প্রতিজনকে চাকরি দেওয়ার বিনিময়ে তাঁদের কাছ থেকে আড়াই লাখ টাকা করে নিতেন জাফিরুল। এই টাকা তিনি দিতেন অধ্যক্ষ মাহফুজার ও বিজি প্রেসের কর্মচারী এ টি এম মোস্তফার ভায়রা রংপুরের উত্তম পূর্বপাড়ার শফিয়ার রহমানকে (যার ব্যাংক হিসাব থেকে প্রায় কোটি টাকা জব্দ করা হয়)। ওই টাকা থেকে কমিশন পেতেন জাফিরুল।’সিআইডির কর্মকর্তা আজিজুল বলেন, প্রশ্নপত্র ফাঁসের আগের দিন এ ঘটনার উল্লেখযোগ্য ১০ আসামির মুঠোফোনের কল তালিকায় একাধিকবার কথা হয়েছে এমন ব্যক্তিদের মধ্যে জাফিরুল একজন। এমন অনেককেই সিআইডি পুলিশ কড়া নজরে রেখেছে।প্রশ্নপত্র ফাঁসের মামলায় অধ্যক্ষ মাহফুজার ও শফিয়ার গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে জামিনে রয়েছেন। সিআইডির কাছে জাফিরুলের স্বীকারোক্তির ব্যাপারে তাঁদের বক্তব্য নিতে মুঠোফোনে অনেকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।প্রসঙ্গত, গত বছরের ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬৭ এবং পরে আরও ১১ জনসহ ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।