কমেছে পুলিশের টহল, বেড়েছে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে আবার ছিনতাই বেড়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত নগরে ২৭৩টি ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজেও ছিনতাই করার ঘটনা ঘটছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র জানায়, পুলিশের টহল কমে যাওয়ায় ছিনতাই বেড়েছে। বর্তমানে ডিএমপির সদস্যসংখ্যা ২৪ হাজার ৪০৮ জন। এর মধ্যে নগরের ৪১টি থানা, আইনশৃঙ্খলা রক্ষা, নিয়মিত টহল ও অপরাধ দমনে নিযুক্ত প্রায় ১২ হাজার সদস্য। অন্যরা ব্যস্ত থাকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিয়ে। ফলে জনবল-সংকটের কারণে টহল পর্যাপ্ত নয়। একই কারণে আইনশৃঙ্খলার নিয়মিত কার্যক্রম, ছিনতাইসহ বিভিন্ন মামলার তদন্ত ব্যাহত হচ্ছে।ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ডিএমপিতে জনবলের অভাব রয়েছে। এই জনবলেই আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন কাজ করতে হয়। এসব কারণে রাস্তায় পুলিশের টহল কমে গেছে।সর্বশেষ গত সোমবার ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে একটি ট্রাভেল এজেন্সির ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সিএনজিচালিত অটোরিকশার আরোহী ওই ট্রাভেল এজেন্সির দুই কর্মকর্তাকে ছিনতাইকারীরা মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে টাকা ছিনিয়ে নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে তাদের মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায় ছিনতাইকারীরা। এর আগে রোববার দুপুর ১২টায় মহাখালীতে প্যারাগন গ্রুপের ১০ লাখ ও এর প্রায় এক ঘণ্টা পর জুরাইনে ১১ লাখ টাকা ছিনতাই হয়। এ দুই ঘটনায় দুজন আহত হন। এ রকম ঘটনা প্রায়ই ঘটছে।বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী, এর আগের ২৭০টি ছিনতাইয়ের ঘটনায় আহত হন ১২০ জন। ২ অক্টোবর কামরাঙ্গীরচরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন হযরত আলী নামের এক ব্যক্তি।তবে ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন থানায় ছিনতাই ও দ্রুত বিচার আইনে মামলা হয়েছে মাত্র ৬৩টি। ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় এ-সংক্রান্ত মামলা হয়েছে ৩০টি।সূত্রমতে, ছিনতাইয়ের ঘটনায় মামলা কম হওয়ার কারণ ভুক্তভোগীদের অনেকে হয়রানির ভয়ে মামলা করেন না। ছিনতাইকারীদের হাতে আহত কেউ হাসপাতালে গেলে কিংবা মামলা করলে ঘটনা গণমাধ্যমে প্রকাশ পায়।যেসব জায়গায় ছিনতাই হয় বেশি: ডিএমপির একাধিক কর্মকর্তা বলেন, বিভিন্ন থানার উন্মুক্ত দিবসের (ওপেন হাউস ডে) আলোচনা পর্যালোচনা করে দেখা যায়, মহানগরের প্রায় ২৫০টি স্থানে নিয়মিত ছিনতাই হচ্ছে। এসব স্থানে সার্বক্ষণিক পুলিশ দেওয়া সম্ভব হয় না। পুলিশের এই অনুপস্থিতির সুযোগে এবং পুলিশের দায়িত্বের পালাবদলের (শিফট বদল) সময়ে বেশি ছিনতাই হয়।বেশি ছিনতাই হয়, এমন স্থানগুলোর মধ্যে আছে—শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা, মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও ক্রসিং, গাবতলী বাস টার্মিনাল, মিরপুর বেড়িবাঁধ, মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে, পীরেরবাগ মুক্তি হাউজিং, মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, কাঁটাসুর, ধানমন্ডির ৮ নম্বর ব্রিজ মোড়, ফার্মগেটসংলগ্ন ইন্দিরা রোড ও টিঅ্যান্ডটি কার্যালয়ের পেছনের গলি, বনানীর সাবেক ঢাকা গেট, গুলশান নিকেতন, গুলশান শ্যুটিং ক্লাবের সামনে, কাকলী মোড়, মহাখালী কাঁচাবাজারের সামনে, তিব্বত মোড়, খিলগাঁও চৌধুরীপাড়া, মালিবাগ রেলগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর, তিন নেতার মাজারের সামনের রাস্তা, মগবাজারের নয়াটোলা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, জুরাইন, দনিয়া, আলমবাগ, সূত্রাপুরের ঢালকানগর।বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা, আগারগাঁও ক্রসিং, রোকেয়া সরণি, মানিক মিয়া এভিনিউ, মিরপুর বাঙলা কলেজ, কল্যাণপুর, ইস্কাটন গার্ডেন রোড, ধানমন্ডির কয়েকটিসহ বেশ কিছু প্রধান সড়কে গত কয়েক রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কিংবা তল্লাশি চৌকি দেখা যায়নি।তবে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জিয়াউজ্জামান দাবি করেন, আগারগাঁওসংলগ্ন তালতলা ও শ্যামলীর শিশুমেলার সামনে থানার পুলিশ চৌকি বসিয়ে তল্লাশি করে। ওই দলই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক, আগারগাঁও ও মানিক মিয়া এভিনিউয়ে টহল দেয়।ডিবির সদস্য পরিচয়ে ছিনতাই: সোমবারের আগেও ডিবির সদস্য পরিচয়ে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২ অক্টোবর দুপুরে আসাদগেটে ডিবি পরিচয়ে ছিনতাইকারীরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ দুজনকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে ওঠায়। পরে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাঁদের ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ছিনতাইকারীরা চলে যায়। ২৯ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিমানবন্দর সড়কে সরকারি কর্মকমিশনের উল্টো পাশে ডিবি পরিচয়ে ছিনতাইকারীরা দৈনিক সমকাল পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক সাব্বির নেওয়াজের মোটরসাইকেল ছিনিয়ে নেয়।এর আগে ৫ সেপ্টেম্বর পল্লবীর কালসি রোডে নিজ বাসার কাছে প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহীদ এজাজের কাছ থেকে মোটরসাইকেল, টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনতাই হয়।রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের সংখ্যা খুবই কম।অবশ্য ডিএমপির কমিশনার বলেন, প্রায় প্রতিদিনই ছিনতাইকারী গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হচ্ছে। কিন্তু ছিনতাইকারীরা জামিনে বেরিয়ে এসে আবার অপরাধকর্মে জড়িয়ে পড়ছে। সম্প্রতি ছিনতাইকারীদের একটি চক্রের নেতা ও ৩৬ মামলার আসামি বিল্লাল হোসেনের মতো দাগি ব্যক্তিও জামিনে ছাড়া পেয়েছে।