কমেছে লোডশেডিং, তেলভিত্তিক কেন্দ্র বেশি চলায় উৎপাদন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিকসহ তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো আগের তুলনায় অনেক বেশি চালানোয় দেশে বিদ্যুতের উৎপাদন বেড়েছে। এর ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি কমেছে। লোডশেডিংও কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।রাজধানী ঢাকা এবং দেশের কয়েকটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে গতকাল মঙ্গলবার খবর নিয়ে জানা গেছে, লোডশেডিংয়ের অসহনীয় পরিস্থিতি কোথাও ছিল না। ঢাকায় কোনো কোনো এলাকায় ২৪ ঘণ্টায় লোডশেডিং হয়েছে মাত্র দু-একবার। সেই তুলনায় গ্রামে এখনো লোডশেডিং বেশি। কিন্তু তাও সহনীয় পর্যায়ের মধ্যে রয়েছে বলে কয়েকটি এলাকার গ্রাহক এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সূত্রগুলো বলেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা গেছে। ফলে উৎপাদন-ঘাটতির কারণে দেশে কোনো লোডশেডিং ছিল না। এ রকম একটি ইতিবাচক বিষয় গণমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে।’খোঁজ নিয়ে জানা যায়, এ বছর গ্রীষ্ম ও সেচ মৌসুম শুরুর সময় (ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে মার্চ-এপ্রিল ও মে মাস) তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো যে হারে চালানো হয়েছে, এখন তার তুলনায় প্রায় দ্বিগুণ বেশি চালানো হচ্ছে। পিডিবি সূত্র জানায়, ওই সময় প্রতিদিন বিদ্যুৎকেন্দ্রের জন্য তেল ব্যবহার করা হতো গড়ে ১৬ কোটি টাকার মতো। এখন কোনো কোনো দিন তেল ব্যবহার করা হচ্ছে ২৮ কোটি টাকা পর্যন্ত। যেদিন কম খরচ হয় সেদিনও ২০ কোটি টাকার তেল ব্যবহার করা হয়।এভাবে কয়েক দিন ধরে তেলভিত্তিক কেন্দ্রগুলো বেশি চালানোয় সর্বোচ্চ পাঁচ হাজার ৭০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এ ছাড়া কয়েক দিন বৃষ্টি হওয়ায় চাহিদাও কিছুটা কম।তেলের দাম বেড়ে যাওয়ার যুক্তি দেখিয়ে মৌসুমের শুরুতে তেলচালিত কেন্দ্রগুলো খুব কম চালানো হয়। ফলে তখন দুই হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতি হয়েছিল। সারা দেশ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। ঢাকায় আগের কয়েক বছরের মতোই এ বছরও গভীর রাতে লোডশেডিং মানুষকে ক্ষুব্ধ করে তোলে। দেশের বিভিন্ন স্থানে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জনমনে অসন্তোষের প্রেক্ষাপটে পিডিবি মন্ত্রণালয়কে জানিয়েছিল, দিনে ২০ কোটি টাকার তেল ব্যবহার করলে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। কিন্তু তখন ভর্তুকি বেড়ে যাওয়ার যুক্তিতে তা করা হয়নি। ওই সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হয়েছে, তেমনি অর্থনীতি ও জনমনেও বিরূপ প্রভাব পড়েছে। কিন্তু পুরোদমে বর্ষা শুরু হওয়ার পর আবহাওয়ার সুবাদেই মানুষ যখন একটু স্বস্তিতে, তখন তেলের ব্যবহার অনেক বাড়িয়ে দেওয়া হলো। অথচ তেলের দাম গত মার্চ-এপ্রিলের চেয়ে কমেনি।এর কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সরকারি সূত্রগুলো বলেছে, আগামী ১ জুলাই থেকে বিদ্যুতের দাম বেশি পরিমাণে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই অবস্থায় মানুষকে একটু আশ্বস্ত করার জন্য এটা করা হয়ে থাকতে পারে।