কমেনি দামের ঝাঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস পার হলেও বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তেল, চিনি, মাছ, মাংসের দাম আগের মতোই চড়া। এখন তরিতরকারি কেনার আগেও তাঁদের সাত-পাঁচ ভাবতে হচ্ছে। এগুলোর দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। দাম নিয়ন্ত্রণে ডিসিসির কাঁচাবাজারে থাকা মূল্যতালিকার বোর্ড দাম নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে নগরের মুদি দোকানগুলোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক বলে জানিয়েছে ডিসিসি। অথচ বেশির ভাগ দোকানে নেই এ তালিকা। এসব নিয়ে প্রতিবেদন। তরকারির দর চড়া‘কাঁচাবাজারে অবস্থা এমন হইছে যে, বাজারে ঢুকলেই দুরু দুরু করে বুক কাঁপে। সবজির যা দাম! সস্তায় পাওয়া যায় শুধু আলু আর পেঁপে।’ বলছিলেন হাতিরপুল কাঁচাবাজারের ক্রেতা ফরিদ হোসেন।৯ সেপ্টেম্বর এই বাজারে গিয়ে দেখা গেছে, আলু ও পেঁপে বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি করে। ৪০ টাকা কেজির নিচে এখানে অন্য কোনো সবজি মেলেনি। এক কেজি উচ্ছের দাম ৬০ টাকা, চিচিঙ্গা ৭০, বেগুন ৫০, বরবটি ৫০, ঝিঙে ৪০, ঢ্যাঁড়স ৫০, পটোল ৫০ ও কাঁকরোল ৫০ টাকা। শীতের সবজি বাজারে না আসা পর্যন্ত সবজির দাম এমন চড়া থাকবে বলে জানালেন হাতিরপুল কাঁচাবাজারের তরকারিবিক্রেতা মনির হোসেন।তরিতরকারির দাম চড়া থাকায় অনেক ক্রেতাই ক্ষোভ প্রকাশ করলেন। এ বিষয়ে নিউমার্কেট বনলতা কাঁচাবাজারে আসা জহিরুল ইসলাম বলেন, ‘কাঁচাবাজার করতে গিয়েই এখন আমাদের টাকা শেষ হয়ে যাচ্ছে। মাছ-মাংস কীভাবে কিনব?’বাজারে শাকসবজির দাম বেশি কেন—এমন প্রশ্নে কারওয়ান বাজারের আড়তদার মীর হাফিজুর রহমান জানান, বর্ষার পানিতে এখনো গ্রামের আবাদি জমি তলিয়ে আছে। আবার টানা বৃষ্টিতেও তরকারির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই চাহিদার তুলনায় শাকসবজির সরবরাহ কম। যেগুলো নগরে আসছে সেগুলো পাইকারদেরও বেশি দামে কিনতে হচ্ছে। এ ছাড়া ঈদের ছুটির সময় পরিবহন-সংকটের কারণে সবজির দাম আরও বেড়েছিল। সেই তুলনায় এখন দাম কিছুটা কম বলে তিনি দাবি করেন।নামেই ডিসিসির সাইনবোর্ডদয়াগঞ্জ ডিসিসির কাঁচাবাজারে ডিসিসির বসানো দ্রব্যমূল্যের তালিকার বোর্ড অর্ধেকটা ভেঙে গেছে। তার সামনে সারি সারি বাঁশ বাঁধা। বাঁশগুলোতে জবাই করা মুরগির মাংস ঝুলিয়ে বিক্রি করা হয়। এতে দূর থেকে বোর্ড দেখার কোনো উপায় থাকে না বলে ক্রেতারা জানালেন।ডিসিসির কাঁচাবাজারে তাদের দ্রব্যমূল্যের তালিকার অনেক বোর্ড বেহালে আছে। বেশির ভাগ বোর্ডেই প্রতিদিনের দ্রব্যমূল্য উঠে আসে না। এ বিষয়ে নিউমার্কেট বনলতা কাঁচাবাজারের আমিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আমিন জানান, প্রতিদিন সময়মতো বোর্ডে লেখা হয় না। আর বোর্ডের লেখার সঙ্গে বাজারের দরের কোনো মিল থাকে না।ডিসিসির কাঁচাবাজারের দ্রব্যমূল্যের তালিকার বেহাল বোর্ডগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান ডিসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী। তিনি দাবি করেন, প্রতিদিন সকাল ১০টার মধ্যে ডিসিসির তিনজন বাজার সুপারভাইজার বাদামতলী, মৌলভীবাজার ও কারওয়ান বাজার থেকে পণ্যের পাইকারি ও খুচরা মূল্য সংগ্রহ করেন। সেই মূল্য অনুযায়ী রেন্ট অ্যাসিস্ট্যান্টরা ডিসিসির সব কাঁচাবাজারের বোর্ডে চক দিয়ে মূল্য লিখে রাখেন।মুদি দোকানে নেই মূল্যতালিকাপুরান ঢাকার মীরনজল্লা কাঁচাবাজারে গিয়ে দেখা গেল, এখানকার কোনো মুদি দোকানেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা মূল্যতালিকা টাঙানো নেই। এখানকার কাঁচাবাজার কমিটির সভাপতি মাসুম মিয়া জানান, ডিসিসি থেকে নোটিশ এলে তাঁরা অবশ্যই পণ্যের তালিকায় খুচরা মূল্য প্রদর্শন করবেন।নিউমার্কেট বনলতা কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, হাতেগোনা কয়েকটি দোকানে পণ্যের মূল্যতালিকা আছে। কাগজের এক পিঠে পণ্যের তালিকা ও খুচরা মূল্য লিখে লেমিনেটিং করে ঝুলিয়ে রাখা হয়েছে এসব দোকানে। কেউ আবার কাঠের বোর্ডে লিখেছেন। কেউ-বা পণ্য প্যাকেজিংয়ে ব্যবহূত কার্টনের কাগজে পণ্যের মূল্য লিখে রেখেছেন। তবে কোনো দোকানিই পণ্যের তালিকা দৃশ্যমান স্থানে রাখেননি।বিজয় সরণির কাছে কলমীলতা কাঁচাবাজারে আসা চিত্রা কস্তা নামে এক ক্রেতার অভিযোগ, ‘ক্রেতাদের প্রকৃত দাম না দেখানোর জন্যই তাঁরা মূল্যতালিকা লুকিয়ে রাখেন।’নগরের মুদি দোকানগুলোয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা প্রসঙ্গে ডিসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী জানান, মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখার জন্য সব মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতিদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তদারকির জন্য ১৪টি দল রয়েছে। এসব দলে ডিসিসির একজন সদস্যও রয়েছেন। এর পাশাপাশি বাজার তদারকিতে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতও কাজ করেন। এভাবে নগরের বাজার নিয়ন্ত্রণের কাজ চলছে বলে তিনি দাবি করেন।