কমোডের মূল্য সাড়ে ৯ হাজার পাউন্ড!
একটি পুরোনো কমোডের দাম আর কত হতে পারে! যদি বলি, সাড়ে নয় হাজার পাউন্ড! বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করুন আর না-ই করুন, এটাই সত্য। বিখ্যাত পপসংগীত দল বিটলসের অন্যতম প্রতিষ্ঠাতা জন লেননের ব্যবহূত একটি কমোড গত শনিবার ইংল্যান্ডের লিভারপুলে নিলামে এই অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠানটি কমোডের দাম যতটা না হিসাব করেছিল, তার চেয়ে প্রায় ১০ গুণ বেশি মূল্যে বিক্রি হয়েছে।জন লেনন ১৯৪০ সালে লিভারপুলে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের ৮ ডিসেম্বর তিনি নিউইয়র্কে খুন হন। ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি দক্ষিণ ইংল্যান্ডের বার্কশায়ারের টিটেনহার্স্ট পার্ক এলাকায় একটি বাড়িতে বসবাস করতেন। বাড়িটির সংস্কারকাজ করার সময় একজন নির্মাণশ্রমিক তাঁর বাড়িতে থাকা পুরোনো কমোডটি অপসারণ করে সেখানে একটি নতুন কমোড স্থাপন করেন।জন হ্যানকক নামের ওই নির্মাণশ্রমিক সাদা ও নীল রঙের চীনা মাটির তৈরি কমোডটি নিজের বাড়িতে নিয়ে যান এবং ৪০ বছর ধরে তা সংরক্ষণ করেন। সম্প্রতি তিনি মারা যান। তাঁর জামাতা কমোডটি নিলামে বিক্রির জন্য তোলেন।লিভারপুলে অনুষ্ঠিত ৩৩তম বার্ষিক বিটলস কনভেনশন উপলক্ষে আয়োজিত নিলামে বিটলসের বিভিন্ন স্মারকের সঙ্গে কমোডটি বিক্রি হয়। নিলামের আগে এটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৭৫০ থেকে এক হাজার পাউন্ড। শেষ পর্যন্ত তা সাড়ে নয় হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।নিলামের আয়োজক স্টিফেন বেইলি বলেন, ‘আমরা এ পর্যন্ত বিটলসের যত পণ্য নিলামে তুলেছি, তার মধ্যে এটা একেবারেই অপ্রচলিত। কমোডটি এত দামে বিক্রি হবে, তা আমরা ভাবিনি। এটা আমাদের বিস্মিত করেছে।’ রয়টার্স