কম্পিউটার বিভাগে কম্পিউটার নেই!
বিভাগটির নাম ছিল কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তিন মাস আগে নাম পরিবর্তন করে রাখা হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কিন্তু এখনো দাপ্তরিক আদেশ পাওয়া যায়নি। এতে প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য নাম নিবন্ধন করতে পারছেন না শিক্ষার্থীরা। ফলে ২০ আগস্টের পরীক্ষায় তাঁদের অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে পাঁচ মাস আগে। তবে এখনো সেখানে কোনো কম্পিউটার ল্যাব গড়ে ওঠেনি। বিভাগের দাপ্তরিক কাজের জন্য একটি কম্পিউটার থাকলেও শিক্ষার্থীদের জন্য কোনো কম্পিউটার নেই। শিক্ষার্থীদের বইয়ের চাহিদা মেটানোর জন্য সেমিনার কক্ষ আছে, তবে সেখানে কোনো বই নেই। এমনকি গ্রন্থাগারিক পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন এই বিভাগটি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৫ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক দিয়ে যাত্রা শুরু করে। প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ফিরোজ রহমান, মো. তারিকুল ইসলাম, এ এস এম সাইদুর রশিদ, টুটুল চাকমা, নিজামুল ইসলাম, জহিরুল আলম, নেজামউদ্দিন, মহিবুল্লাহ, আগা মো. সাফায়েত উল্লাহ খান ও চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল জানান, বিভাগের নাম পরিবর্তন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রাখা হয়েছে। অথচ এখন পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি। বিভাগে কোনো ল্যাব নেই। কম্পিউটার বিভাগ থাকলেও কোনো কম্পিউটার নেই, ইন্টারনেট সংযোগ তো পরের ব্যাপার। পড়াশোনা হচ্ছে অথচ সেমিনারে কোনো বই নেই। এমনকি কেন্দ্রীয় গ্রন্থাগারেও প্রয়োজনীয় বই নেই। তাঁরা আরও জানান, এসব সমস্যার কারণে ১ দশমিক ৫ ক্রেডিটের কম্পিউটার ল্যাবের কোর্সটি বাতিল করা হয়েছে। সমস্যা সমাধানে বেশ কয়েকবার উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু এখনো সংকট কাটেনি।এই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কাজী জাহিদুর রহমান বলেন, ‘বিভাগে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কোনো কম্পিউটার নেই। তবে দাপ্তরিক কাজের জন্য একটি কম্পিউটার আছে। তবে সেটাও তেমন কাজে লাগে না। কেননা প্রিন্টার না থাকায় প্রয়োজনীয় নোটিশ, নথি প্রিন্ট করা যায় না।’শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, ‘তিন মাস আগে বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু দাপ্তরিক আদেশ না পাওয়ায় শিক্ষার্থীরা প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য নাম নিবন্ধন করতে পারছে না। ফলে ২০ আগস্টের পরীক্ষায় তারা অংশ নিতে পারবে কি না, তা এখনো বলা যাচ্ছে না। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আবেদন করেছি, কিন্তু কাজ হয়নি।’এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য এ এইচ এম জেহাদুল করিম বলেন, ‘শিগগিরই শিক্ষার্থীদের ল্যাব প্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন বিভাগ হিসেবে কিছুটা সংকট থাকবেই। সেটা কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছি। বিভাগের নাম পরিবর্তন করার বিষয়টিও সুরাহা হবে।’