এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই)পড়ছি। আমার মনে হচ্ছে, বর্তমান চাকরির বাজারে এ বিষয়ের চাহিদা কম। আমি কি সিএসইতে পড়তে এসে ভুল করেছি? আমি প্রোগ্রামিংয়ে ক্যারিয়ার গড়তে চাই।সে ক্ষেত্রে কোন প্রোগ্রামিং ভাষাটি বেশি প্রয়োজনীয়? এ ছাড়া মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে বাংলাদেশে কি কোনো কাজের সুযোগ আছে?আবু বকর তারেকফরাশগঞ্জ, ঢাকা।পরামর্শ: প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনাকে জানাতে চাই যে আন্তর্জাতিক রিসার্চ কোম্পানি গার্টনারের মতে, আইটি আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বিশ্বের প্রথম ৩০টি সম্ভাবনাময় দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের দেশে এখনো চাহিদার তুলনায় দক্ষ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট অনেক কম। চাকরির বাজারে এ বিষয়ের চাহিদা বর্তমানেও আছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। অতএব, আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে সঠিক বিষয়েই পড়াশোনা করছেন। এ বিষয়ে পড়াশোনা করে আপনি নেটওয়ার্কিং, সফটওয়্যার ডেভেলপমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে পারবেন। প্রতিটি ক্ষেত্রই গুরুত্বপূর্ণ ও ক্যারিয়ার গড়ার জন্য ভালো। আপনি প্রোগ্রামিংয়ে ক্যারিয়ার গড়তে চান, এটা অবশ্যই খুব ভালো একটা সিদ্ধান্ত। এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষাকে বেশি প্রয়োজনীয় বলার আগে আপনাকে জানতে হবে যে আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে (এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট/মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট/ওয়েব ডেভেলপমেন্ট প্রভৃতি) আগ্রহী। সে আলোকেই আপনাকে প্রোগ্রামিং ভাষা নির্বাচন করে দক্ষতা অর্জন করতে হবে। মোবাইল অ্যাপ্লিকেশন বাংলাদেশে একটি বিকাশমান ক্ষেত্র—যা নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে কাজ হচ্ছে এবং ভবিষ্যৎতে কাজের আরও সুযোগ সৃষ্টি হবে। পরিশেষে আপনাকে এই বলে আশ্বস্ত করতে চাই, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই।পছন্দের ক্ষেত্রটি বাছাই করে এবং সেক্ষেত্রে দক্ষতা অর্জন করে আপনি আপনার ক্যারিয়ারে সাফল্য অর্জন করতে পারবেন।উত্তর দিয়েছেন—জোহান আহমেদস্পেশালিস্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়ী ব্র্যান্ডিং,পিপল অ্যান্ড অর্গানাইজেশন, জিপি আইটি।