কম্পিউটার সায়েন্স বিভাগে সান্ধ্যকালীন কোর্স স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্স স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ।আজ বুধবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন শাহিদা রফিক শিক্ষার্থীদের লিখিতভাবে স্থগিতের এ সিদ্ধান্ত জানান।এর আগে সকালে শিক্ষার্থীরা বিভাগীয় ভবনে তালা লাগিয়ে দেয়। এরপর দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা দোয়েল চত্বর এলাকায় বিক্ষোভ শুরু করে তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। এতে বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।এ বিষয়ে শাহিদা রফিক প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে। একাডেমিক কমিটির সঙ্গে আলোচনা করে কোর্সের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। কোর্স বাতিলের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আরও আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা ২২ মে থেকে আন্দোলন শুরু করে। এরপর এ দাবিতে মানববন্ধন, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দাবি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভে আজ প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন।