কম্বোডিয়ায় মানবাধিকার নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে মানবাধিকার নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল রাজধানী নমপেনে হুন সেনের সঙ্গে আলোচনা হয় তাঁর। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।আজ মঙ্গলবার নমপেনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সম্মেলনে বারাক ওবামা দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে উদ্ভূত বিরোধের ওপর আলোচনায় অংশ নেবেনে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তাঁর। আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ওবামা গতকাল সন্ধ্যায় নমপেনে পৌঁছান। এর আগে তিনি মিয়ানমারে ছয় ঘণ্টার এক ঐতিহাসিক সফর করেন। এবারের আসিয়ান সম্মেলনে দক্ষিণ চীন সাগরের জলসীমা ও দ্বীপের মালিকানা নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিরোধের ওপর তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। দক্ষিণ চীনে ‘ইউ’ আকৃতির ভূখণ্ডের ওপর নিজের মালিকানা দাবি করে আসছে চীন। একই অঞ্চলের জলসীমার ওপর নিজ নিজ মালিকানা দাবি করছে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনেই। এ নিয়ে এখনো কোনো মীমাংসায় পৌঁছাতে পারেনি সদস্যদেশগুলো। এ পরিস্থিতিতে আসিয়ান সম্মেলনে আজ যোগ দিচ্ছেন ওবামা।দক্ষিণ-পূর্ব এশিয়াকে মুক্তবাণিজ্য অঞ্চল হিসেবে ঘোষণার জন্য একটি চুক্তি করার বিষয়ও এবারের সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।আসিয়ান সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার কম্বোডিয়া যাচ্ছেন চীন, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্র ও সরকারপ্রধানেরা।