কয়েকটি জেলায় আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ (ভিডিও)
নোয়াখালী: সকাল সাতটার দিকে জেলা শহরের পৌরবাজারে বিক্ষোভ মিছিল ও একটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। এ ছাড়া নতুন বাসস্ট্যান্ড ও মাইজদী বাজার এলাকায় সড়ক অবরোধ করে হরতালকারীরা।কোম্পানীগঞ্জের বসুরহাটের কোরালিয়া এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান ও কলেজ ছাত্রলীগের নেতা মো. রুবেলের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও সভাপতি জহিরুল ইসলামের মোটরসাইকেল ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ছাড়া বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, কেউ আটক হয়নি। শহরে পুলিশ টহল দিচ্ছে।সিরাজগঞ্জ: তেলকুপি এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। এ সময় তারা একটি ট্রাক ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেয়। পরে সদর উপজেলার খোকসাবাড়ী ১০ শয্যা হাসপাতালের পাশে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে হরতালকারীরা।কাঠেরপুল এলাকায় পিকেটিংয়ের সময় আবদুল আজিজ নামের এক জামায়াতকর্মীকে আটক করে পুলিশ।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ভোরে কিছুটা উত্তপ্ত অবস্থা বিরাজ করলেও সকাল ১০টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।