২০১৩ সাল পর্যন্ত কর অবকাশসুবিধা অব্যাহত থাকবে। তবে বিদ্যমান কর অবকাশসুবিধা ভোগকারী খাতগুলো কাটছাঁট করা হবে। গতকাল রোববার আসন্ন বাজেটসংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। উল্লেখ্য, আগামী জুন মাসেই কর অবকাশসুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা। সাংসদদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি প্রসঙ্গে অর্থমন্ত্রী এ সময় বলেন, ‘এটা খুবই নাজুক পরিস্থিতি। আমি একবার এ সুবিধা প্রত্যাহারের চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এটা খুব লজ্জার বিষয় যে যখন কেউ আমাকে প্রশ্ন করে, আপনারা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনেন, আমরা কেন পারি না। দেখা যাক, এবার কিছু করা যায় কি না।’প্রতিবারের মতো এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে এই ৩২তম পরামর্শক সভার আয়োজন করে। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ। এতে এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অন্যান্য বছর যেসব চ্যালেঞ্জ ছিল, এবার তা আরও প্রকট হয়েছে। এর মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। মূল্যস্ফীতির অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি। আমরা শুধু মূল্যস্ফীতির প্রভাব কিছুটা কমাতে পারি। এমন অনেক বিষয় এবারের বাজেটে অন্তর্ভুক্ত থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমরা রপ্তানি বাড়াতে চাই, আবার রাজস্ব আয়ও বাড়াতে চাই। এ জন্য করদাতাবান্ধব পরিবেশ তৈরি করতে চাই। শিগগিরই শিল্প খাতে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।’অর্থমন্ত্রী অভিমত দেন, চলতি ঋণ দেওয়া ব্যাংকের কাজ। কিন্তু ব্যাংকের কিছু বিনিয়োগ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, ‘ব্যাংকের সুদের হার আমরা নির্ধারণ করি না। মন্দার কারণে সুদের সর্বোচ্চ হার নির্ধারণ করা দেওয়া হয়েছিল। কিন্তু এখন মন্দা নেই। যাঁরা ব্যাংকের মালিক, তাঁরাই এখন সুদের হার নির্ধারণ করতে পারেন।’রপ্তানিমুখী শিল্প খাতগুলোর কর রেয়াতসুবিধার সমালোচনা করে তিনি বলেন, রপ্তানিমুখী শিল্পোদ্যোক্তারা সরকারকে কিছুই দেন না। অথচ সব ধরনের কর রেয়াতসুবিধা নিয়ে বসে আছেন। এখন অনেক রপ্তানিমুখী শিল্প খাতের পরিপূর্ণতা এসেছে। সরকারকে তাঁদের মুনাফার কিছু অংশ দেওয়া উচিত। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) সম্পর্কে অর্থমন্ত্রী অভিমত দেন, পিপিপির জন্য বৈদেশিক সাহায্য দরকার। কিন্তু স্থানীয় উদ্যোক্তারা স্থানীয় মুদ্রা তুলে পিপিপিতে বিনিয়োগ করছেন। এটা সামষ্টিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, ‘সম্পদ কর আরোপ করতে চাই। কিন্তু এটা এমনভাবে করতে চাই যেন কারও সমস্যা না হয়। ধনী-গরিবের বৈষম্য কমাতে সম্পদ কর হলো বড় অস্ত্র।’ এ ছাড়া আগামী বাজেটে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য উদ্যোগ থাকবে বলে তিনি জানান। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, শুধু কর অবকাশসুবিধা দিলেই হবে না, এর পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও সুশাসন নিশ্চিত করতে হবে। এ জন্য সাধারণত কর অবকাশসুবিধাকে নিরুৎসাহিত করা হয়। আগামী বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) আদায় ও দণ্ড প্রদান-প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলে জানান এনবিআরের চেয়ারম্যান। তিনি বলেন, শিল্প ও রপ্তানিবান্ধব নীতি, বিশেষ করে পশ্চাৎপদ এলাকায় শিল্পায়নকে প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া বর্তমান সরকারের মেয়াদকালেই এনবিআর পুরোপুরি ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি জানান। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর প্রদানে স্বচ্ছতা আনা হলে ব্যবসায়ীরা আরও কর দেবেন। এতে স্থানীয় বিনিয়োগ বাড়বে।