কর অবকাশের মেয়াদ আরও ২ বছর বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর অবকাশ সুবিধার মেয়াদ ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ছে। বিদ্যমান খাতগুলোর পাশাপাশি আটটি বড় ভৌত অবকাঠামো নির্মাণেও কর অবকাশ সুবিধা পাওয়া যাবে। ভৌত অবকাঠামো খাতে এর মেয়াদ হবে ১০ বছর।গতকাল ২০১১-১২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী কর অবকাশ সুবিধা সম্পর্কে এসব প্রস্তাব করেন। চলতি বছর জুন মাসে কর অবকাশ সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।তবে জনসংখ্যার চাপ হ্রাস, যানজট দূরীকরণ, সুষম শিল্পায়ন ও পশ্চাৎপদ এলাকায় নতুন নতুন শিল্প স্থাপনে উৎসাহিত করতে এবার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কর অবকাশ সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।কর অবকাশ সুবিধার জন্য নতুন করে সংযোজিত বড় ভৌত অবকাঠামো খাতগুলো হলো দ্রুত চলাচলের জন্য যানবাহন, টোল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্রবন্দর, আইটি পার্ক, হাইটেক পার্ক, নবায়নযোগ্য জ্বালানি (জ্বালানি সাশ্রয়ী বাল্ব, সৌরশক্তির প্যানেল, উইন্ড মিল) ও আইসিটি ভিলেজ বা সফটওয়্যার টেকনোলজি জোন।ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সংশ্লিষ্ট খাতের কোনো শিল্পকারখানা তৈরি করা হলে প্রথম দুই বছর ১০০ শতাংশ, পরবর্তী দুই বছর ৫০ শতাংশ ও পরবর্তী এক বছর ২৫ শতাংশ কর অবকাশ সুবিধা পাওয়া যাবে। আর অন্যান্য বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম জেলার জন্য এই বিশেষ সুবিধা থাকবে প্রথম তিন বছর ১০০ শতাংশ, পরবর্তী তিন বছর ৫০ শতাংশ ও পরবর্তী এক বছর ২৫ শতাংশ।এ ছাড়া অন্যান্য এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) ২০১২ সালের ১ জানুয়ারির পর প্রতিষ্ঠিত শিল্পের ক্ষেত্রে একই ধরনের কর অবকাশ সুবিধা প্রদানের প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী। তবে এই সময়ের আগে ইপিজেড এলাকায় প্রতিষ্ঠিত শিল্পগুলো বিদ্যমান সুবিধা ভোগ করবে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে তিন বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া হয়। ২০০৮ সালের জুলাই থেকে ২০১১ সালের জন্য বিভিন্ন খাত এই সুবিধা পেয়ে আসছে।সে সময় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা ব্যতীত) স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে—প্রথম দুই বছর আয়ের ১০০ শতাংশ, পরবর্তী দুই বছর আয়ের ৫০ শতাংশ ও পরবর্তী এক বছর আয়ের ২৫ শতাংশ করমুক্ত ছিল। আর রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল বিভাগে এবং তিন পার্বত্য জেলায় স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম তিন বছর আয়ের ১০০ শতাংশ, পরবর্তী তিন বছর আয়ের ৫০ শতাংশ ও পরবর্তী এক বছর আয়ের ২৫ শতাংশ করমুক্ত ছিল।