কর ন্যায়পাল আইন রহিত করতে সংসদে বিল উত্থাপন
কর ন্যায়পাল আইন রহিত করতে জাতীয় সংসদে আজ সোমবার একটি বিল উত্থাপিত হয়েছে। কর ন্যায়পাল (রহিতকরণ) বিল, ২০১১ নামের এই বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে বিলটি তিন সপ্তাহের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, কর ন্যায়পাল কার্যালয়ের জন্য প্রণীত আইন ও বিধিমালা এবং করসংক্রান্ত আইনগুলোর মধ্যে সাংঘর্ষিক বিষয় থাকায় এবং কর ন্যায়পাল আইন ও বিধিমালার আওতায় সুপারিশ বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকায় কর ন্যায়পালের কার্যালয়টি অকার্যকর হয়ে পড়েছে। অথচ কর ন্যায়পাল কার্যালয়ের জন্য ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বাজেটে এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। যে কারণে প্রতিষ্ঠানটি কর প্রশাসনের অপশাসন দূর করার পরিবর্তে একটি ব্যয়সাধ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, রাজস্ব আদায়ের বিষয়ে আপিল কার্যক্রমকে শক্তিশালী করা হচ্ছে। বিকল্প বিরোধ মীমাংসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই কর ন্যায়পাল আইন, ২০০৫ রহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটি পাস হলে কর ন্যায়পাল কার্যালয়ের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও গচ্ছিত অর্থ এবং অন্য সব সম্পদ, দলিল-দস্তাবেজ প্রভৃতি সরকারের অনুকূলে ন্যস্ত হবে। কর ন্যায়পাল কার্যালয়ের সব দায়-দেনা সরকারের ওপর বর্তাবে।