কর ন্যায়পাল রহিত করতে আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ন্যায়পাল-ব্যবস্থা বিলুপ্ত করতে কর ন্যায়পাল (রহিতকরণ) আইন, ২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আইনটি জাতীয় সংসদে পাস হলে শুরু থেকেই অকার্যকর কর ন্যায়পাল-ব্যবস্থার অবসান হবে।বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গতকাল মন্ত্রিসভার এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট সচিবেরা বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে নিট ও ওভেন গার্মেন্টস-শিল্পপণ্যের রপ্তানিকারকদের রপ্তানিমূল্য থেকে উৎসে কর দশমিক ১ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করার প্রস্তাব অনুমোদন করা হয়। বিজিএমইএর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত, ২০০৫ সালে তৎকালীন চারদলীয় জোট সরকারের সময়ে দেশে প্রথম কর ন্যায়পাল আইন কার্যকর করা হয়। সাবেক সচিব খায়রুজ্জামানকে প্রথম কর ন্যায়পাল নিয়োগ করা হয়। ৪৪ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগও দেওয়া হয়। কিন্তু কর-ব্যবস্থার সংস্কার বা এ ক্ষেত্রে বাস্তব কোনো পদক্ষেপ নিতে পারেনি এ কার্যালয়। ইতিমধ্যে কর ন্যায়পাল হিসেবে খায়রুজ্জামানের নিয়োগের মেয়াদ শেষ হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, কর ন্যায়পাল কার্যালয়ের অন্যান্য কর্মচারী আগের কর্মস্থলে ফিরে যাবেন। কর ন্যায়পাল আইনটি শুল্ক আইন ও মূল্য সংযোজন কর আইনের পরিপন্থী ছিল। কর ন্যায়পাল কার্যালয়ের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো আপিল কোর্ট এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।এ ছাড়া গতকালের বৈঠকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গত ৩ ও ৪ আগস্ট জাকার্তায় অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উত্থাপিত বিষয় অবহিত করা হয়।অনানুষ্ঠানিক আলোচনা: সূত্র জানায়, মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠকের পর প্রধানমন্ত্রী দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন। তবে এ আলোচনার বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।বিভিন্ন সূত্রে জানা যায়, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রিসভার কোনো কোনো সদস্য এ সময় মন্তব্য করেন, ঈদ-পরবর্তী বিরোধী দলের আন্দোলন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা এবং নানা নাশকতা করা হতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে বিশেষ নির্দেশ দেন।