কর ফাঁকির মামলায় মওদুদের আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দুই মাসের আগাম জামিন পেয়েছেন। তাঁর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।আদালতে মওদুদ আহমদের পক্ষে মামলা পরিচালনা করেন খন্দকার মাহাবুব হোসেন ও মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।গতকাল মওদুদ আহমদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে মামলাটি দায়ের করেন এনবিআরের উপকরকমিশনার শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান। আগামী ৭ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য মওদুদ আহমদের বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক।মামলার আরজিতে বলা হয়েছে, মওদুদ আহমদ একজন সাবেক সাংসদ হওয়া সত্ত্বেও তাঁর হিসাব বিবরণীতে তথ্য গোপন করে আয়কর দিয়েছেন। মওদুদ আহমদ তাঁর আয়কর বিবরণীতে ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত নয়টি কর বছরে মোট ২৭ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৭৮ টাকার আয় গোপন করেন। এর ওপর প্রযোজ্য ছয় কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা আয়কর তিনি ফাঁকি দিয়েছেন। ওই মামলায় আটজনকে সাক্ষী করা হয়েছে।