কর ফাঁকির মামলায় বাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এ এন এম বশিরউল্লাহ। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার সৈয়দ জাকির হোসেন দুই কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকির অভিযোগ এনে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে গুলশান থানা পুলিশকে পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার অভিযোগে বলা হয়েছে, মাস্টার ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন বাবর। প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ১৯৯৯-২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন করবর্ষে আয়কর বিবরণীতে আট কোটি ছয় লাখ ৮০ হাজার টাকার তথ্য গোপন করেন। এর ওপর প্রযোজ্য দুই কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন তিনি। আয়কর ফাঁকির অভিযোগে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫, ১৬৬ ধারায় বাবর অপরাধ করেছেন মর্মে এ মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, বাবর প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় রিমান্ডে আছেন।