কর ফাঁকির মামলায় সাঈদী অভিযুক্ত
আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। ৫ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। গতকাল শুনানির আগে সাঈদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত বছরের ১৯ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, সাঈদী জাতীয় সংসদের একজন সম্মানিত সাবেক সাংসদ হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল না থেকে এবং পতিপালন না করে ২০০৫-০৯ করবর্ষ পর্যন্ত দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকার আয় ও সম্পদের তথ্য গোপন করে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন। এর ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। এ মামলায় সাঈদী হাইকোর্ট থেকে জামিন পেলেও যুদ্ধাপরাধ মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন।