কর ফাঁকির মামলায় সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ আদেশ দেন।৫ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় সাঈদীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবী তাজুল ইসলাম। আদেশের জন্য ধার্য দিন ছিল গতকাল। গতকাল আদালত সাঈদীকে অব্যাহতির আবেদন নাকচ করে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় সাঈদী নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।শুনানির আগে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত বছরের ১৯ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার মাসুমা খাতুন এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সাঈদী জাতীয় সংসদের একজন সম্মানিত সাবেক সাংসদ হয়েও ২০০৫-০৯ করবর্ষ পর্যন্ত দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকার আয় ও সম্পদের তথ্য গোপন করে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন। এর ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন।এ মামলায় সাঈদী হাইকোর্ট থেকে জামিন পেলেও একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে কারাগারে আছেন।