কর ফাঁকির শাস্তি বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকির শাস্তি বাড়ানোর সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এক লাখ ১৭ হাজার কোটি টাকা করার সুপারিশ করেছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের কাছে এই সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সংবাদ ব্রিফিংয়ে জানান, সম্প্রতি মাল্টি লেবেল মার্কেটিং ব্যবসা (এমএলএম) নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কমিটি আলাদা বৈঠক করবে। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। আইনের খসড়াও করা হয়েছে। তাদের কাজ শেষ হওয়ার পর অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি মতামত তুলে ধরবে।সভাপতি বলেন, দেশের আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের মধ্যে করফাঁকির প্রবণতা রয়েছে। কমিটি তাদের শাস্তির আওতা বাড়ানোর সুপারিশ করেছে। এ ছাড়া মিথ্যা ঘোষণা দিয়ে মালামাল আমদানিকারী অসত্ ব্যবসায়ীদের কাছ থেকে অর্থদণ্ড অথবা তাঁদের সম্পূর্ণ মালামাল বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। সেই সঙ্গে সত্ ব্যবসায়ীদের উত্সাহ দেওয়ার মতো পদক্ষেপ নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে বলা হয়েছে।মুস্তফা কামাল জানান, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২ হাজার ৩২০ কোটি টাকা। বর্তমান সরকারের প্রথম বাজেটে ধরা হয়েছিল ৫১ হাজার কোটি টাকা। এর থেকে বোঝাই যায়, রাজস্ব আদায়ে দেশের সক্ষমতা বেড়েছে। এ জন্য কমিটি আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এক লাখ ১৭ হাজার কোটি টাকা করার সুপারিশ করেছে।বর্তমানে আমদানি ও রপ্তানি খাত থেকে ৪০ শতাংশ, আয়কর থেকে ৪০ শতাংশ ও মূল্য সংযোজন কর থেকে ২০ শতাংশ রাজস্ব আদায় হয়ে থাকে বলে কমিটির সভাপতি জানান। তিনি বলেন, কমিটি এই তিন খাতকে পুনর্বিন্যাস করে আমদানি-রপ্তানি খাতকে ৩৬ শতাংশ, আয়করকে ২৩ শতাংশ এবং মূল্য সংযোজন করকে ৪১ শতাংশ করার প্রস্তাব করেছে। কমিটির সভাপতি মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্য আবদুল জলিল, আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, এম কে আনোয়ার, তাজুল ইসলাম, এম এ মান্নান, গোলাম দস্তগীর গাজী ও ফরিদা রহমান অংশ নেন।