কর বাড়ায় দুপচাঁচিয়া পৌরবাসী দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যেদিন ভ্যান চলায় সেদিন হাঁড়িত ভাত ওঠে, ভ্যানের পেডেল বন্ধ হলে সেদিন ছলপোলক লিয়্যা না খাইয়া থাকা লাগে। হামার পরিবার (স্ত্রী) মানষের বাড়িত কাম কর‌্যা সামান্য যে খাবার আনে, সেই খাবার ছলপোলক লিয়্যা ভাগ কর‌্যা খাই। হামার খ্যাড়ের চালের দুডা মাটির ঘর ছাড়া কোনো ভিটামাটি ন্যাই। তারপর বছরে পৌরসভাত ২০ ট্যাকা কর‌্যা ট্যাক্স দেই। এবার হঠাৎ কর‌্যা ট্যাক্স ব্যাড়া হামার ৩০০ ট্যাকা করিচে। ইমনি ভাত হয় না, তারপর এত ট্যাকা ট্যাক্স কুটি থ্যাকা (কোত্থেকে) দিমু। হামি পৌরসভার মধ্যে থাকপার চাই না।’ ক্ষোভে কথাগুলো বললেন পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের লালুকা গ্রামের বাসিন্দা রিকশা-ভ্যানচালক জেল্লাল প্রামাণিক।পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপাড়ার বাসিন্দা পান বিক্রেতা রূপকুমার বলেন, ‘সামান্য এক পানের দোকানের ওপর পাঁচ-ছয়জন সদস্যের খাওয়া-পরা চালাই। হামার বাড়ির পৌর ট্যাক্স ছিল ৩০ ট্যাকা, তা একবারে বাড়িয়ে ৪০০ ট্যাকা করেছে। ট্যাক্স কমানোর জন্য ১০ ট্যাকা দিয়্যা ফরম কিনা আবেদন করিচি, দেকি কয় ট্যাকা কমে।’ ২৯ এপ্রিল দুপচাঁচিয়া পৌরসভায় গিয়ে সাক্ষাৎ হয় পৌরকর কমানোর জন্য আবেদন করতে আসা লোকজনের সঙ্গে।পৌরসভা সূত্রে জানা যায়, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মাইকিং করে জানানো হয়, পৌর এলাকায় অবস্থিত বাড়িঘর, দোকান, ব্যবসা-বাণিজ্য, চাতাল ও মিল কারখানায় পৌরকর (ট্যাক্স) বাড়ানো হয়েছে। পৌরকর কমানোর জন্য পৌরসভার নির্ধারিত ১০ টাকা মূল্যের ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। সে মোতাবেক ২৯ এপ্রিল আবেদনের শেষ দিন ছিল। প্রায় আড়াই হাজার আবেদনকারী পৌরকর কমানোর জন্য আবেদন করেছেন। ২০০০ সালে পৌরসভা গঠনের পর এবার পৌরকর বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। পৌরকর ২০ থেকে ৩০ গুণ বাড়ানো হয়েছে। এদিকে হঠাৎ করে পৌরকর কয়েকগুণ বৃদ্ধির প্রতিবাদে ২৮ এপ্রিল সর্বদলীয় পৌর নাগরিক সংগ্রাম কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি দেওয়া হয়েছে। পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বেলাল হোসেন বলেন, পৌরসভার কর নির্ধারণ বিষয়ে সরকারের তেমন কোনো মাথাব্যথা নেই। পৌরসভায় সরকারের বরাদ্দ বাড়াতে হচ্ছে, তাই স্থানীয়ভাবে কর আদায় বেশি দেখাতে হয়। এ পৌরসভায় রাজস্ব আয়ের জন্য ধাপসুলতালগঞ্জ হাটের আয়ই যথেষ্ট। পৌরবাসীর ওপর অকারণে কর বাড়ানোর কোনো যুক্তি নেই। সর্বদলীয় পৌর নাগরিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক তালুকদার বলেন, হঠাৎ করে পৌরকর ২৫ থেকে ৩০ গুণ বাড়ানো হয়েছে, যা খেটে খাওয়া মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সভাপতি আবদুল মজিদ বলেন, পৌরসভায় গ্যাস সংযোগ, নিরাপদ পানি সরবরাহ, মাদকমুক্ত পরিবেশ, পয়োনিষ্কাশন, রাস্তাঘাট পরিষ্কার, মহল্লায় রাস্তা-ঘাট উন্নয়ন, বিদ্যুতের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা করার কথা বলেই নির্বাচনে ভোট নিয়েছেন জনপ্রতিনিধিরা। কিন্তু পৌরসভা গঠনের ১০ বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। অথচ পৌরকর বাড়ানো হয়েছে কয়েক গুণ। নিয়মনীতি না মেনে ইচ্ছামতো পৌরকর বৃদ্ধি এক ধরনের নীরব চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়।পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, পৌরকর নতুন করে বাড়ানো হয়নি। পৌরসভা গঠনের পর অ্যাসেসমেন্ট করেই পৌরকর ধার্য করা হয়েছে। ধার্য কর এত দিন আদায় করা হয়নি। যার ১০০ টাকা পৌরকর ধার্য ছিল, সে তার নির্ধারিত কর না দিয়ে ২০-৩০ টাকা দিত। কিন্তু একটি মহল বিষয়টি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অযথা ঝামেলা সৃষ্টি করছে।