স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেছেন, ‘করণিকরা আইন করেন, আমরা সাংসদেরা তা হাঁ-না বলে পাস করে দিই।’ আজ মঙ্গলবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইনের ক্রটি সংশোধনের জন্য আনা বিল পাসের জন্য উত্থাপন করলে আজিম এই কথা বলেন।গত ৮ ফেব্রুয়ারি ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২’ সংসদে পাস হয়। কিন্তু বিল থেকে ভুলবশত ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড বিলোপ এবং যানবাহন সমন্বয় বোর্ড আইন, ২০০১ (২০০১ সালের ১৯ নম্বর আইন) রহিতকরণ ও হেফাজত-সম্পর্কিত দুটি দফা বাদ পড়ে যায়।ওই দুটি দফা অন্তর্ভুক্ত করার জন্য আজ নতুন করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০১২ আনা হয়।যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নাকচ হয়।এর আগে বিলটির ওপর নোটিশদাতা ফজলুল আজিম বলেন, ‘মন্ত্রীকে দোষ দেব না। তিনি হয়তো ব্যস্ততার জন্য বিলের ত্রুটি দেখতে পারেননি। কিন্তু একটি বিল সংসদে উত্থাপনের আগে মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদীয় কমিটিতে যাচাই-বাছাই হয়। ভুল হলো কীভাবে! এর মানে কি করণিকেরা আইন করে দেন আর আমরা সাংসদেরা তা হ্যাঁ-না বলে পাস করে দিই।’জবাবে ওবায়দুল কাদের বলেন, বিজি প্রেসের ভুলের কারণে ত্রুটিপূর্ণভাবে বিলটি সংসদে উত্থাপিত হয়েছিল।জবাবে আজিম বলেন, ‘ছাপার ভুলের কারণে বানান ভুল হতে পারে কিন্তু পুরো একটি প্যারা বাদ পড়ে যেতে পারে না। উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে। আমি মন্ত্রীকে ভালোবাসি। নোয়াখালীর বলে নয়, পরিশ্রমী বলে। তাঁর মন্ত্রণালয় দুর্নীতির ডিপো। তবুও তিনি যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য সারা দেশে ছুটে বেড়াচ্ছেন। যোগাযোগের পর তাঁকে রেলের দায়িত্বও দেওয়া হয়েছে। কিন্তু রেলের কালো বিড়াল তাঁকে ছোবল দেওয়ার চেষ্টা করছে।’