করতোয়ার চরে ধান কৃষকের মনে আশা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর বুকে জেগে ওঠা চর নতুন আশার সঞ্চার করেছে পার্শ্ববর্তী গ্রামগুলোর কৃষকদের মধ্যে। ধু ধু বালুর চরটিতে এবারই প্রথম চাষ হয়েছে ইরি-বোরো ধান। গত বর্ষায় বিরাট এই চরটিতে প্রচুর পলি পড়ে। এক ফুটের মতো পলির স্তরে পার্শ্ববর্তী সাতবাড়িয়া, চরসাতবাড়িয়া, ঘাটিনা, চরঘাটিনা, লক্ষ্মীপুর, বড়লক্ষ্মীপুর ও গুচ্ছগ্রামের কৃষকেরা ধান চাষ করছেন। চরজুড়ে এখন সোনালি ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, উল্লাপাড়া পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়ায় জেগে ওঠা চরে জমির পরিমাণ প্রায় ৭০ হেক্টর। এর মধ্যে প্রায় ৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। বিআর-২৮ জাতের ধান ইতিমধ্যেই পাকতে শুরু করেছে। সাতবাড়িয়া গ্রামের বৃদ্ধ কৃষক ইউনুছ আলী জানান, প্রায় ৪০ বছর আগে এখানে ধানের মাঠ ছিল। তখন সেচের মাধ্যমে ইরি-বোরোর চাষ পদ্ধতি এ অঞ্চলে আসেনি। এসব জমিতে তখন প্রকৃতিনির্ভর আউশ ধান ও পাটের আবাদ হতো। কিন্তু নদী লক্ষ্মীপুর গ্রামের পাশের বাঁক থেকে একসময় ব্যাপকভাবে ভাঙতে শুরু করে। মাত্র পাঁচ-ছয় বছরে তাঁদের ফসলি জমির মাঠ পুরোটাই নদীগর্ভে চলে যায়। এতে এসব জমির মালিকদের সংসারে নেমে আসে চরম দুর্দিন। এ সময় নিঃস্ব হয়ে যাওয়া অনেক কৃষকই দিনমজুরি শুরু করেন।বড়লক্ষ্মীপুর গ্রামের আজিজ মোল্লা জানান, তাঁর সাড়ে আট বিঘা জমি নদীতে ভেঙে গিয়েছিল। তিন বছর আগে চর কিছুটা জেগে ওঠায় তিনি তাতে তিল ও কাউন চাষ করেছেন। কিন্তু বালুর মধ্যে এসব ফসল ভালো হয়নি। এবার অনেক বড় চর জেগে ওঠায় তিনি তাঁর পুরো জায়গা আবার দখলে নিয়ে ধান চাষ করেছেন। পাওয়ার পাম্প দিয়ে পাশের নদী থেকে পানি সেচ দেওয়ার সুযোগে তাঁদের সেচ খরচও অনেক কম হয়েছে। প্রতি বিঘায় ২৩ মণ করে ধান পাওয়ার আশা করছেন তিনি। নদীর চর আর না ভাঙলে আগামী মৌসুমে তিনি তাঁর জমিতে শ্যালো বসাবেন বলে জানান। এমন সম্ভাবনা ও আশার কথা ব্যক্ত করেন লক্ষ্মীপুর গ্রামের ফজল সরকার, আলতাফ হোসেন, ঘাটিনা গ্রামের আবু সাঈদ, আবদুল মালেকসহ অনেক কৃষক।বস্তুত করতোয়ায় জেগে ওঠা এই পলিমাটির চর স্থানীয় লোকজনের মনে আশার সঞ্চার করেছে। প্রায় ৫৫ হেক্টরের পুরো চরে এবার নয় হাজার ৫০০ মণ ধান উৎপাদিত হবে বলে কৃষকদের ধারণা।উল্লাপাড়া কৃষি কর্মকর্তা রওশন আলম জানান, নদীর চরে এমন ধান উৎপাদন একেবারেই অভাবনীয়। প্রকৃতপক্ষে পলি পড়ায় এই চর স্থানীয় কৃষকদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। তিনি বলেন, এবার সরকারি হিসাবে উল্লাপাড়ায় ২৮ হাজার ৮৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ হয়েছে। করতোয়ার নতুন চরের এই ৫৫ হেক্টর জমি অতিরিক্ত। এই জমিতে প্রায় নয় হাজার ৫০০ মণ ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত এই ধান শুধু কৃষকদের নয়, দেশে খাদ্য ঘাটতি মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে।রওশন আলম বলেন, অক্টোবরের শেষে নদীর পানি কমে চর জেগে উঠলে ওই চরে কৃষকদের মটর-কলাই চাষে উদ্বুদ্ধ করবে কৃষি বিভাগ। এতে চরে বছরে অন্তত দুটি ফসল করার সুযোগ পাবেন কৃষকেরা।