করপোরেট করের হার কমানো হবে না
দেশে করপোরেট করের হার বেশি বলে স্বীকার করলেও আগামী অর্থবছরে তা কমানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, করপোরেট করের হার বেশি কিন্তু আগামী বছর তা কমানো সম্ভব হবে না।আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগামী বাজেটে বিভিন্ন কর কমানোর প্রস্তাব দেন।আগামী বছরের জন্য অর্থমন্ত্রীর কাছে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর-সংক্রান্ত নীতি-প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন। এফবিসিসিআই আগামী বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব দেন। অর্থমন্ত্রী এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। এফবিসিসিআই তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে করপোরেট করের হার বর্তমানের ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ, ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩২ দশমিক ৫ শতাংশ এবং ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেন।এই বিষয়েও করের হার কমাবেন বলে অর্থমন্ত্রী কোনো আশ্বাস দেননি। এ ছাড়া এফবিসিসিআইয়ের নেতারা কর অবকাশ ও স্বল্প হারে কর আরোপের সুবিধা-সংক্রান্ত আয়কর আইনের ৪৬ (খ) ধারার সময়সীমা বাড়ানো এবং তার আওতা সম্প্রসারণের প্রস্তাব দেন।বিদ্যমান আইনে ২০১১ সালের জুন থেকে ২০১৩ সালের জুনের মধ্যে প্রতিষ্ঠিত নতুন শিল্পপ্রতিষ্ঠানের আয় প্রতিষ্ঠার প্রথম দুই বছর শতভাগ আয়করমুক্ত, পরবর্তী দুই বছর ৫০ ভাগ আয়করমুক্ত, তার পরবর্তী এক বছর ২৫ ভাগ আয়করমুক্ত বলে নির্ধারিত আছে। করমুক্তির এই সুবিধার সময়সীমা ২০১৩ সালের জুন থেকে বাড়িয়ে ২০১৫ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই।