করপোরেট খাতকে প্রতিবন্ধীদের কর্মসংস্থানে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় প্রতিবন্ধী ও চতুর্থ বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ আহ্বান জানান। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যও বেসরকারি খাতকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের পরিবার, সমাজ ও অর্থনীতির অংশ। তাই তাদের অবহেলা করা যাবে না।’সরকার দিনবদলের সনদে প্রতিবন্ধীদের জন্য দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রতিবন্ধীদের কল্যাণে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি।’ সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবন্ধীদের চাহিদা একটু ভিন্ন। এ চাহিদাকে অনেক চাকরিদাতা অক্ষমতা হিসেবে দেখেন। এটা দুঃখজনক। অথচ কাজের প্রতি প্রতিবন্ধীদের একাগ্রতা থাকে অনেক বেশি।’ শেখ হাসিনা করপোরেট খাতসহ বেসরকারি উদ্যোক্তাদের প্রতি তাঁদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে করপোরেট সেক্টর কোনো সাহায্য-সহযোগিতা চাইতে এলে বাড়তি শর্ত হিসেবে প্রতিবন্ধীদের বিষয়টি জুড়ে দেওয়া হবে।অনুষ্ঠানের এ পর্বে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। তিনিও যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের চাকরি দেবে, তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হতে পারে বলে উল্লেখ করেন।অনুষ্ঠানের শুরুতে প্রতিবন্ধী ব্যক্তিরা কোরআন তিলাওয়াত থেকে শুরু করে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে কিছু অংশ পড়ে শোনান।প্রধানমন্ত্রী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতা দূর করার লক্ষ্যমাত্রা প্রতিবন্ধী শিশুদের বাদ দিয়ে পূরণ হবে না। তাই প্রতিবন্ধী শিশুদের জন্য সব জেলায় একটি করে বিদ্যালয় তৈরির কাজ চলছে। প্রতিবন্ধীদের উপযোগী বই প্রকাশের ব্যবস্থা করবে সরকার। এ ছাড়া সাধারণ স্কুলেও তাদের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী জানান, সরকার প্রতিবন্ধীদের জন্য ঢাকায় একটি বহুমুখী কমপ্লেক্স নির্মাণ করতে যাচ্ছে। এখানে একটি ওয়ান-স্টপ সেন্টার থাকবে। এটি প্রতিবন্ধীদের উৎকর্ষসাধনের জন্য কাজ করবে। প্রতিবন্ধীদের কৃতিত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে সুস্থ খেলোয়াড়েরা যা করতে পারে না, প্রতিবন্ধী খেলোয়াড়েরা তাই করে দেখিয়েছে। চীনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে প্রতিবন্ধী দল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। সব ইভেন্ট মিলিয়ে তারা ২২টি স্বর্ণপদক পেয়েছে।অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক অভিভাবক প্রতিবন্ধী সন্তানকে বাইরে বের করতে দ্বিধাবোধ করেন। পাপ বা বোঝা মনে করেন। তা করবেন না। কেননা, প্রতিটি প্রতিবন্ধী শিশুর মধ্যেই বিশেষ ক্ষমতা থাকে। তা বিকশিত করা সবার দায়িত্ব।’ জগদ্বিখ্যাত সুরস্রষ্টা বিথোভেন, মোৎসার্ট, রিচার্ড স্ট্রস, অমর সাহিত্যিক হ্যানস ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন, বিজ্ঞানী আইনস্টাইন, ডারউইন, নিউটন ও স্টিফেন হকিংয়ের বধিরতাসহ বিভিন্ন ধরনের গুরুতর শারীরিক প্রতিবন্ধিত্ব থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের হতাশ হওয়ার কিছু নেই। নিজেকে গুটিয়ে রাখারও দরকার নেই। সচেতনতার অভাবের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর সমাজকল্যাণ ও স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, তিনি নিজে একজন চিকিৎসক; অথচ তিন বছর আগেও অটিজম বিষয়ে তাঁর তেমন একটা ধারণা ছিল না। তবে বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, প্রয়াস, স্কলারস স্পেশাল স্কুল, ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড গার্লস স্কুল, স্কুল ফর গিফটেড চিলড্রেন, সুইড বাংলাদেশ এবং সীড ট্রাস্টের প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাই উপভোগ করেন। মুগ্ধ প্রধানমন্ত্রী মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। কক্সবাজার যাচ্ছেন আজ: কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, প্রধানমন্ত্রী আজ কক্সবাজার আসছেন। বেলা ১১টায় হেলিকপ্টারযোগে তিনি কক্সবাজার পৌঁছাবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন জানান, প্রধানমন্ত্রী জেলার সার্বিক বিষয় নিয়ে আজ জেলা আওয়ামী লীগ, আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় জেলাবাসীর পক্ষ থেকে ২৪ দফা দাবি তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছে বেলা ১১টায় বিমানবাহিনীর একটি ঘাঁটি উদ্বোধন করবেন। বেলা দুইটায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর শহরের ঝিলংজা এলাকায় কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার-দোহাজারী রেললাইন সম্প্রসারণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশনের আপগ্রেড কার্যক্রম উদ্বোধন করবেন। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ জানান, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি উত্থাপন করে তা বাস্তবায়নের দাবি জানাবেন। গত শুক্রবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ২৪ দফা তুলে ধরা হয়।