করপোরেশনকে কল্যাণমুখী বানাতে চান মন্জুর
চট্টগ্রাম সিটি করপোরেশনকে লাভজনক নয়, জনকল্যাণমুখী একটি প্রতিষ্ঠানে রূপ দিতে চান বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মন্জুর আলম। এ ছাড়া তিনি মেয়র নির্বাচিত হলে নগরের জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি নাগরিকদের মৌলিক সমস্যার সমাধানের বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন।গতকাল মঙ্গলবার দুপুরে শেষ দিনের প্রচারণার ফাঁকে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনকে নিয়ে এসব পরিকল্পনার কথা জানান। মেয়র পদে নগরবাসী কেন তাঁকে বেছে নেবে—এমন প্রশ্নের উত্তরে মন্জুর বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছর দায়িত্ব পালন করেছি। জলাবদ্ধতা দূর, যানজট নিরসনসহ নগরবাসীর দৈনন্দিন সমস্যা মেটাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস জনগণ আমার সৎ চেষ্টার মূল্যায়ন করবেন।’ জলাবদ্ধতা নিয়ে যদি কাজ করেই থাকেন, তবে বর্ষার শুরুতে কয়েক দিনের বৃষ্টিতে চট্টগ্রামের লোকজন নাকাল হচ্ছে কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় চাক্তাই ও মহেশ খালের ৬০ শতাংশ পুনর্খনন শেষ করেছিলাম শীত মৌসুমে। সে সময় অবৈধ দখলের কারণে খাল পুনর্খননের পর তলদেশ থেকে তুলে আনা মাটি খালের দুই পাশে রাখার জায়গা ছিল না। পরে দুটি খালের দুই পাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মহিউদ্দিন চৌধুরী মেয়র পদে ফিরে আসার পর খাল সংস্কারের কাজটি চালু রাখেননি। খাল পুনর্খনন কাজের ধারাবাহিকতা থাকলে চট্টগ্রামে গত কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হতো না।’মন্জুর আলমের লোকজন মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কুৎসা রটনা করছেন। এ ধরনের অপতৎপরতার সময় পুলিশের হাতে ধরা পড়ে একজন এমন স্বীকারোক্তি দিয়েছেন—মহিউদ্দিন চৌধুরীর এ ধরনের অভিযোগ প্রসঙ্গে মন্জুর বলেন, ‘তাঁরা (মহিউদ্দিনের লোকজন) তাঁদের দায় আমাদের ঘাড়ে চাপাতে চাইছেন।’জয়ের ব্যাপারে কতটা আশাবাদী—এমন প্রশ্নে বিশিষ্ট এ ব্যবসায়ী বলেন, ‘আমি জনগণের জন্য সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। চেষ্টা করেছি তাঁদের পাশে থেকে সমস্যা সমাধানের। আশা করি, চট্টগ্রামবাসী আমাকে এবার ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন।’