করমুক্ত আয়ের সীমা দুই লাখ ২০ হাজার টাকা
আগামী অর্থবছরে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর ফলে মধ্যবিত্ত সাধারন করদাতারা আরও কিছুটা কর ছাড় পাবেন। আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন, তাতে করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২০ হাজার টাকা করার ঘোষনা দেওয়া হয়েছে। নারীদের ক্ষেত্রে তা হবে আড়াই লাখ টাকা পর্যন্ত। আর প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে করা করমুক্ত আয় সীমা তিন লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।বর্তমানে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা হচ্ছে দুই লাখ টাকা। নারী ও ৬৫ বছরের উর্ধে পুরুষদের করমুক্ত আয়ের সীমা দুই লাখ ২৫ হাজার এবং প্রতিবন্ধীদের এই সীমা পৌনে তিন লাখ টাকা রয়েছে। প্রস্তাবিত ব্যক্তি করদাতার ক্ষেত্রে আগের মতই পাঁচটি স্তর রয়েছে। প্রথম দুই লাখ ২০ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না। পরবর্তী ৩ লাখের জন্য ১০ শতাংশ, তার পরবর্তী ৪ লাখের জন্য ১৫ শতাংশ, তার পরবর্তী ৩ লাখের জন্য ২০ শতাংশ এবং অবশিষ্ট আয়ের জন্য ২৫ শতাংশ হারে আয়কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরেই নতুন করে সাধারন করদাতাদের ন্যূনতম করমুক্তসীমা ২ লাখ টাকা নির্ধারন করা হয়েছিল। আর নারীদের ক্ষেত্রে এই সীমা ছিল ২ লাখ ২৫ হাজার টাকা। এই করমুক্তসীমা কার্যকরের একবছরের মাথায় আবারও তা বাড়ানো হলো। প্রাকবাজেট আলোচনায় বিভিন্ন শ্রেনীর পেশার প্রতিনিধিরা করমুক্তসীমা বাড়ানোর দাবি করেন।