করহার না বাড়িয়ে আদায় ব্যবস্থাপনা উন্নত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করের হার না বাড়িয়ে কর আদায়ের ব্যবস্থাপনাকে উন্নত করার পরামর্শ দিয়েছে বিএনপি। সরকারের অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোরও পরামর্শ দিয়েছে দলটি। বাজেট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামো খাতকে গুরুত্ব দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এসব প্রস্তাব তুলে ধরেন। বাংলাদেশে বিরোধী দলের পক্ষ থেকে বাজেটের আগে এমন প্রস্তাব দেওয়ার ঘটনা এই প্রথম। তিনি কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভৌত অবকাঠামো, পরিবেশ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ খাতসহ নানা বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।খালেদা জিয়া বলেন, ‘যদি সামান্য সদিচ্ছাও থাকে, তাহলে এই উপস্থাপনার আলোকে পথভ্রষ্ট সরকার নিজেদের ট্র্যাকে (পথে) ফিরিয়ে আনতে পারবে।... বাজেট হবে মানুষের জন্য, উন্নয়নের জন্য এবং উৎপাদনের জন্য। সামাজিক উৎপাদন-শীলতার নিরিখে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই হবে এর লক্ষ্য।’পৌনে দুই ঘণ্টার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁর সরকারের আমলের সাফল্য আর বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে নানা কথা বলেন। তিনি বিএনপির অর্থনৈতিক নীতির বিস্তারিত ব্যাখ্যা দেন। বর্তমান সরকারকে তিনি অযোগ্য, দুর্নীতিপরায়ণ আখ্যা দেন।করের হার না বাড়ানো: বিএনপির চেয়ারপারসন বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত কর আদায়ের পরিমাণ বৃদ্ধি। কর আদায়ে উচ্চহার নির্ধারণ করে করদাতাদের নিরুৎসাহিত না করা। করের উচ্চহারের ফলে রাজস্ব সংগ্রহ হ্রাস পায়।বিএনপির প্রস্তাবগুলো হচ্ছে করের হার না বাড়িয়ে আদায় ব্যবস্থাপনাকে উন্নত করা; ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা দুই লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা; নারী, প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই ছাড়ের পরিমাণ দুই লাখ ৭০ হাজার টাকা এবং অবসরভোগী ও প্রবীণদের ক্ষেত্রে তিন লাখ টাকা নির্ধারণ; তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন কর ধার্য না করা; বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি বিনিয়োগ বন্ড চালু প্রভৃতি।বিদ্যুৎ খাত: সরকার দরপত্র ছাড়া জরুরি ভিত্তিতে ডিজেল ও ফার্নেস তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগের সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, বিদ্যুতের জন্য বর্তমান সরকার যে স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়েছে, তা দেশের বিদ্যুৎ-চাহিদা মেটানোর কোনো স্থায়ী সমাধান নয়। অতি চড়া দামে বিদ্যুৎ কেনা অর্থনীতির জন্য বিপদ ডেকে আনবে।বিদ্যুৎ উৎপাদনে ব্যবহূত গ্যাস অনুসন্ধানের তৎপরতা ব্যাপকভাবে বাড়ানো এবং পেট্রোবাংলাকে আর্থিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করার পরামর্শও দেন বিএনপির চেয়ারপারসন। তিনি পরমাণু ও কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরামর্শ দেন।শিক্ষা খাত: বিরোধীদলীয় নেত্রী আগামী ১৫ বছরে বাংলাদেশের প্রতিটি ঘরে অন্তত একজন সদস্যকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যের কথা বলেন। উচ্চশিক্ষা খাতে সন্তোষজনক মান অর্জনের জন্য তিনি শিক্ষকদের রাষ্ট্রীয় উদ্যোগে উন্নত দেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রাগ্রসর শিক্ষায় প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন। এ জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেন তিনি।তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, গবেষণা ও উন্নয়ন খাত: দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি ও শিল্প খাতের অবদানের ১ শতাংশ গবেষণার সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন বিরোধীদলীয় নেত্রী। প্রতিটি উপজেলায় কম্পিউটার শিক্ষার সুযোগসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানশিক্ষাকে জনপ্রিয় ও উন্নত করারও পরামর্শ দেন তিনি।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা: স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবিমা চালুর প্রস্তাব করেন খালেদা জিয়া। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে সেবাসামগ্রী সরবরাহ, ধারাবাহিকভাবে মাতৃ ও শিশুমৃত্যুর হার আরও কমিয়ে আনা এবং শিশুদের অপুষ্টি ও ওজনস্বল্পতা হ্রাসের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।ভৌত অবকাঠামো, সড়ক, রেল ও নৌ-যোগাযোগ: খালেদা জিয়া নদী খনন ও নদী শাসনের ওপর গুরুত্ব দেওয়ার প্রস্তাব করেন। রেলওয়ের উন্নয়নে সব প্রধান রেললাইনে ডাবল লাইন স্থাপন, ঢাকা মহানগরের আশপাশের ছোট শহরগুলোর সঙ্গে কমিউটার রেল যোগাযোগ স্থাপন, রাজধানীর সঙ্গে অন্য বিভাগীয় শহরে দ্রুতগামী রেল সার্ভিস চালু, রেলওয়ের জন্য পর্যাপ্ত ইঞ্জিন ও মালবাহী এবং যাত্রীবাহী বগি সংগ্রহ, পাহাড়তলী ও সৈয়দপুরে রেলওয়ে কারখানাগুলো সুষমকরণ ও আধুনিকায়নের প্রস্তাব দেন তিনি।কৃষি ব্যবস্থাপনা: সার ও ডিজেলের ওপর ভর্তুকি বাড়ানোর প্রস্তাব করেন বিএনপির চেয়ারপারসন। ভালো বীজ উৎপাদন ও সরবরাহ বাড়ানো, বীজ সংরক্ষণের জন্য উন্নত সংরক্ষণাগার ও মজুদের ক্ষমতা বাড়ানো, কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ বাড়ানো, কৃষির বহুমুখীকরণ কৌশল গ্রহণ, বেশি বেশি গরু ও মোষ পালনের ব্যবস্থা নেওয়া, পোলট্রিশিল্পের পুনরুজ্জীবনে ঋণসুবিধা ও প্রযুুক্তিসহায়তা দেওয়ার কথা বলেন তিনি।শস্য, মাছ, পোলট্রি ও পশুসম্পদবিমা চালুরও প্রস্তাব করেন খালেদা জিয়া। এ লক্ষ্যে বাজেটে ১০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেন তিনি। আলু, শাকসবজি ও ফলমূলের জন্য প্রতিটি উপজেলায় এক বা একাধিক হিমাগার স্থাপনের জন্য ২০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেন তিনি।জলবায়ু ও পরিবেশ: জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় একটি সমন্বিত পরিকল্পনা নেওয়ার কথা বলেন খালেদা জিয়া। এই পরিকল্পনায় থাকবে ভূমি পুনরুদ্ধার, লবণাক্ততার অনুপ্রবেশ রোধ ও বেড়িবাঁধ সুদৃঢ়করণ।খাসজমি ব্যবস্থাপনা: ভূমিদস্যুদের দখলে থাকা সরকারি মালিকানার জমি, খাল-বিল ও বনভূমি উদ্ধার করে ভূমিহীন কৃষক, দিনমজুর, প্রান্তিক চাষি, দুস্থ নারীদের মধ্যে সমবায় গঠন করে অংশীদারির ভিত্তিতে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন খালেদা জিয়া।আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী: পুলিশ বাহিনীতে আরও অধিকসংখ্যক লোক নিয়োগের প্রস্তাব করেন খালেদা জিয়া। পুলিশকে মানবাধিকার বিষয়ে সচেতন করা, তাদের আধুনিক যানবাহন, যোগাযোগ সরঞ্জাম ও অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ করা, পুলিশের ওপর অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার কথাও বলেন তিনি।বিডিআর বিদ্রোহের ফলে সেনাবাহিনীতে যে ক্ষতি হয়েছে, তা পূরণে বর্ধিত হারে সেনা কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন খালেদা জিয়া। তিনি নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ত্রিমাত্রিক নৌ-প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করেন।এডিপি বাস্তবায়ন: বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, সে উদ্যোগ নেওয়ার কথা বলেন বিরোধীদলীয় নেত্রী। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প না নিতে অনুরোধ করেন তিনি। সাংসদদের উদ্যোগে এলাকাভিত্তিক উন্নয়নের যে বরাদ্দ দেওয়া হয়েছে, তার সুষ্ঠু ব্যবহারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেন তিনি।