করাচিতে আততায়ীর হাতে এমকিউএম নেতা নিহত, সহিংসতায় নিহত আরও ৩১
পাকিস্তানের করাচি শহরে গতকাল সোমবার আততায়ীর গুলিতে মুত্তাহিদা কাওমি মুভমেন্টের (এমকিউএম) নেতা রাজা হায়দার নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে দাঙ্গা ও সহিংস ঘটনায় করাচি শহরে নিহত হয়েছে আরও ৩১ জন। খবর বিবিসি অনলাইনের।প্রত্যক্ষদর্শীরা জানান, সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্য রাজা হায়দার সোমবার একটি দাফন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে একটি মসজিদে ওজু করার সময় চারজন অজ্ঞাত বন্দুকধারী তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজা হায়দারের পাশাপাশি তাঁর দেহরক্ষীও বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।রাজা হায়দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত করাচি শহর। এমকিউএমের বিক্ষুব্ধ কর্মীরা শহরে গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। এতে করাচির পাশাপাশি সিন্ধুর হায়দরাবাদ, শুক্কুর এলাকায় দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এসব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এমকিউএমের কর্মীদের সশস্ত্র সংঘর্ষ হয়। করাচির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত এই দাঙ্গায় প্রায় ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্য আরও চারজনের নিহত হওয়ার খবর তাদের কাছে রয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি রাজা হায়দারের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সবাইকে এ পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও আশ্বাস দিয়েছেন।এদিকে এমকিউএম রাজা হায়দারের মৃত্যুর ঘটনায় পশতুন সম্প্রদায়ের নেতৃত্বাধীন আওয়ামী ন্যাশনাল পার্টিকে (এএনপি) দায়ী করেছে। উল্লেখ্য, এমকিউএম ও এএনপি দুটি দলই পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের অংশ। যার নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি স্বয়ং। এ ঘটনার প্রতিশোধ হিসেবে এমকিউএম কর্মীরা পশতুন সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা চালাচ্ছে বলে জানা গেছে। রাজা হায়দারের মৃত্যু পরবর্তী সহিংসতায় নিহতরা অধিকাংশই পশতুন সম্প্রদায়ের লোক। এমকিউএমের নেতা ও সিন্ধু প্রদেশের বন্দর ও জাহাজ চলাচল ব্যবস্থাপনামন্ত্রী বাবার ঘাউরি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজা হায়দারের মতো নেতার হত্যাকাণ্ডের বদলা নিতে প্রত্যেক এমকিউএম কর্মী প্রস্তুত রয়েছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই সহিংসতা যেকোনো সময় মোহাজের ও পশতুনদের মধ্যে জাতিগত দাঙ্গায় রূপ নিতে পারে।