করাচিতে গাড়িবোমা হামলায় পুলিশ সদস্যসহ নিহত ৮
পাকিস্তানের বাণিজ্যিক নগর করাচিতে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় ছয় পুলিশ সদস্যসহ আটজন নিহত হয়েছেন। তবে চৌধুরী মোহাম্মদ আসলাম খান নামের ওই কর্মকর্তা অক্ষত আছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। করাচিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আসলাম খান। শহরে ইসলামি জঙ্গিদের অবস্থান খুঁজে বের করে এই ইউনিট।আসলাম খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমার বাড়ি লক্ষ্য করে একটি গাড়িবোমা হামলা চালানো হয়েছে। আমাকে তেহরিক-ই-তালেবান গোষ্ঠী অনেক দিন ধরেই হত্যার হুমকি দিয়ে আসছিল। এ হামলায় তারাই জড়িত।’ এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।পুলিশ কর্মকর্তা নাইম শাইখ রয়টার্সকে জানান, পুলিশের ছয় সদস্য আসলাম খানের বাড়িটি পাহারা দিচ্ছিলেন। হামলায় ৩০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন ফুটেজে দেখা যায়, হামলায় আসলাম খানের বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে এবং বাড়ির সামনে আট ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে।শওকত হোসেন নামে আরও এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু ও একজন নারী রয়েছেন। তিনি আরও বলেন, কোনো আত্মঘাতী বোমা হামলাকারী গাড়িটি চালাচ্ছিল, নাকি ওই বাড়ির সামনে গাড়িটি পার্ক করা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।কর্মকর্তারা বলেন, হামলায় আসলাম খানের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। করাচিতে জাতিগত ও রাজনৈতিক সহিংসতা গত ১৬ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এরই জের ধরে সেখানে গত মাসে এক সপ্তাহে শতাধিক মানুষ নিহত হয়।