করাচিতে ছড়িয়ে পড়ছে তালেবান
পাকিস্তানের সবচেয়ে বড় নগর করাচিতে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে তালেবান জঙ্গিরা। তারা করাচির পশতুভাষী অধ্যুষিত পাঁচটি এলাকয় জমি জবরদখলসহ রাজনৈতিক দলের কর্মীদের হুমকি দিচ্ছে। একই সঙ্গে তারা আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডন অনলাইনের প্রতিবেদনের বরাত দিয়ে আজ পিটিআই অনলাইনের খবরে এ কথা জানানো হয়।করাচিতে এখন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-তালেবান বিভিন্ন স্থানে জমি দখল করছে। এই সংগঠনটি বেশ কয়েক বছর আগে থেকে এ নগরের বিভিন্ন স্থানে তাদের অবস্থান শক্ত করে রেখেছে। করাচির পশ্চিম ও পূর্বাঞ্চলীয় এলাকাসহ মালির জেলাতেও তালেবান জঙ্গিরা ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তালেবানের এমন ৩০টি গোষ্ঠী আছে, যাদের মধ্যে পারস্পরিক বিরোধ রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে হাকিমুল্লাহ মেহসুদ ও মোল্লা ফজলুল্লাহর নেতৃত্বাধীন গোষ্ঠী বেশ প্রভাবশালী। গত বছর ১৩ আগস্ট সীমান্ত এলাকায় তালেবানের হামলায় আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) নেতা আমির সরদারসহ দলের আরও দুই কর্মী নিহত হন। এরপর দলের আরও অনেক কর্মী নিহত হন তালেবানের হামলায়। অনেকে তালেবানের ভয়ে পশতুন এলাকা থেকে পালিয়ে গেছেন। এএনপির মুখপাত্র ও পরে মুত্তাহিদা কওমি মুভমেন্টে যোগ দেওয়া নেতা কাদির খান বলেন, ‘তালেবান জঙ্গিদের অত্যাচারে কোনো রাজনৈতিক দল বা সংগঠন এখানে প্রতিষ্ঠিত হতে পারে না।’ তিনি বলেন, এসব জঙ্গি কিছু এলাকায় এত মজবুত অবস্থানে রয়েছে যে, আইনপ্রয়োগকারী সংস্থার লোকজনও সেখানে হিমশিম খেয়ে যান।’