করাচিতে তিন দিনের সহিংসতায় নিহত ৭০, দেখামাত্র গুলির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্দর নগর করাচিতে গত তিন দিনে গোষ্ঠীগত ও রাজনৈতিক সহিংসতায় ৭০ জন নিহত ও আরও বহু লোক আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ নিরাপত্তা রক্ষায় আজ শুক্রবার পুলিশ ও আধা সামরিক বাহিনীকে সহিংসতায় জড়িতদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে। করাচিতে প্রাদেশিক তথ্যমন্ত্রী শারজেল মেমন জানিয়েছেন, গত তিন দিনে সেখানে ৭০ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ৩৭ জন নিহত হন। তিনি বলেন, ‘এ ধরনের সংঘর্ষে জড়িতদের দেখামাত্র গুলি করার জন্য আমরা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছি।’মেমন জানিয়েছেন, নিরাপত্তা ও শান্তি রক্ষায় ঘটনাস্থলে অতিরিক্ত এক হাজার সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন থাকবে।সহিংসতায় নিহতদের স্মরণে করাচির প্রভাবশালী সংগঠন মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এক দিন শোক পালনের ঘোষণা করেছে। সহিংসতার কারণে করাচিতে দোকানপাট, জ্বালানি সরবরাহকেন্দ্র ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। করাচিতে গোষ্ঠীগত, ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতার এক অতীত ইতিহাস রয়েছে।