করাচিতে নতুন করে সহিংসতা, নিহত ৩৫
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার শহরটির বিভিন্ন স্থানে সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। খবর বিবিসি ও ডন অনলাইনের।এর মধ্যে করাচির দক্ষিণে অবস্থিত একটি গাড়ির যন্ত্রাংশ বিক্রির মার্কেটে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত এবং আটজন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের সবাই দোকানি ও সাধারণ কর্মী।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ১০ জনের একটি বন্দুকধারীর দল মোটরসাইকেলে করে করাচির শেরশাহ এলাকায় অবস্থিত এ খুচরা যন্ত্রাংশের বাজারে আসে। এরপর তারা প্রায় ২০ মিনিট ধরে সাধারণ দোকানিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা প্রায় সবাই উর্দুভাষী। সাধারণত এই এলাকার উর্দুভাষীরা মুত্তাহিদা কাওমি মুভমেন্টের (এমকিউএম) সমর্থক। প্রাদেশিক পরিষদের একটি শূন্য আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ১৬ অক্টোবর থেকে করাচিতে এ পর্যন্ত সহিংসতায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। এর আগে ১৭ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত আগস্টে সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য ও মুত্তাহিদা কাওমি মুভমেন্ট (এমকিউএম) দলের নির্বাচিত আইনপ্রণেতা আততায়ীর গুলিতে নিহত হন। ফলে আসনটি শূন্য ঘোষিত হয়। এমকিউএম করাচির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল। গত আগস্টে এ প্রদেশ থেকে দলটির নির্বাচিত নেতা নিহত হওয়ার পর করাচি জুড়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে শতাধিক লোক নিহত হয়। এমকিউএমের প্রধান প্রতিপক্ষ আওয়ামী ন্যাশনাল পার্টি সম্ভাব্য কারচুপির অভিযোগ এনে এ উপনির্বাচন বয়কট করে। বিশ্লেষকেরা আগেই বলেছিলেন, এ উপনির্বাচনকে কেন্দ্র করে করাচিতে আবারও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।