করাচিতে বন্দুকধারীদের গুলিতে সৌদি কূটনীতিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্দরনগর করাচিতে আজ সোমবার বন্দুকধারীদের গুলিতে সৌদি আরবের একজন কূটনীতিক নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তানের পুলিশ ও ইসলামাবাদে সৌদি রাষ্ট্রদূতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। আল-কায়েদার প্রশিক্ষণ পাওয়া পাকিস্তানি তালেবান এই হামলাকে সমর্থন করে বিবৃতি দিয়েছে।করাচির একজন পুলিশ কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে আসা চারজন বন্দুকধারী অতর্কিতে গুলি চলালে ওই সৌদি কূটনীতিক নিহত হন। তিনি বলেন, ‘সৌদি কূটনীতিক নিজেই চালকের আসনে ছিলেন। সম্ভবত তিনি তাঁর গাড়িতে করে বাসা থেকে কনস্যুলেটে যাচ্ছিলেন।’ইসলামাবাদে সৌদি রাষ্ট্রদূত আবদুল আজিজ আল-গাদের তাঁদের কূটনীতিককে হত্যার নিন্দা করেছেন। তবে তিনি নিহত কূটনীতিকের বিস্তারিত পদমর্যাদা প্রকাশ করেননি।আবদুল আজিজ আল-গাদের বলেন, ‘আমরা পাকিস্তান কর্তৃপক্ষকে বিশ্বাস করি। আশা করি তারা সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি দাঁড় করাবে।’ প্রসঙ্গত, সৌদি আরব ও পাকিস্তান পরস্পর ঘনিষ্ঠ মিত্র।