করাচিতে সহিংসতা অব্যাহত, ২ দিনে ৬২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্দরনগর করাচিতে মুত্তাহিদা কাওমি মুভমেন্ট দলের (এমকিউএম) প্রভাবশালী রাজনীতিক ও সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য রাজা হায়দারের আততায়ীর গুলিতে নিহত হওয়ার জের ধরে সৃষ্ট সহিংসতা আজ বুধবারও অব্যাহত রয়েছে। এই সহিংসতা মোহাজের ও পশতুনদের মধ্যে জাতিগত সংঘাতের দিকে মোড় নিয়েছে বলে জানা গেছে। এমকিউএমের কয়েকজন নেতা রাজা হায়দারের হত্যাকাণ্ডের বদলা নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে সশস্ত্র এমকিউএম ক্যাডাররা নির্বিচারে পশতুন হত্যা শুরু করেছে। এমকিউএম এই হত্যাকাণ্ডের জন্য পশতুন নেতৃত্বাধীন আওয়ামী ন্যাশনাল পার্টিকে (এএনপি) দায়ী করেছে। গত দুই দিনে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছে ৬২ জন মানুষ। খবর ডন অনলাইনের।জাতিগত দাঙ্গা ও সহিংসতা ঠেকাতে করাচি শহরে অতিরিক্ত পুলিশ ও বিপুলসংখ্যক আধা-সামরিক ‘রেঞ্জার্স’ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও রেঞ্জার্স গত তিন দিনে গুপ্তহত্যার অভিযোগে শতাধিক এমকিউএম কর্মীকে আটক করেছে। এর পাশাপাশি রাজা হায়দারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ-ঘোষিত কয়েকটি সংগঠনের আরও ২০ জনকে আটক করা হয়েছে।করাচির পুলিশ কর্মকর্তা ওয়াসিম আহমেদ বলেন, ‘আমরা ওই ২০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত দ্রুতই এগিয়ে চলেছে। খুব তাড়াতাড়িই এ বিষয়ে সফলতা আসবে বলে আশা করছি।’রাজনৈতিক ও জাতিগত এই সহিংসতা পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত করাচির জীবনযাত্রা স্থবির করে দিয়েছে। গত তিনদিন ধরে শহরটির ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড অচল হয়ে রয়েছে।