আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতে এবার পাকিস্তানে নৌবাহিনীর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবানরা। করাচিতে গত রোববার রাতে তালেবান জঙ্গিদের হামলায় কমপক্ষে ১৩ সেনা নিহত হয়েছেন। হামলার পরপরই ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ ভবন নিজেদের জিম্মায় নিয়ে নেয় জঙ্গিরা। এরপর ১৬ ঘণ্টা লড়াই শেষে গতকাল সোমবার দুপুরে ভবনটির নিয়ন্ত্রণ ফিরে পায় সেনাবাহিনী। নৌবাহিনীর কমোডর ইরফান উল হক গতকাল দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘অভিযান শেষ হয়েছে। ঘাঁটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’ পরে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, ‘চার থেকে ছয়জন সন্ত্রাসী ওই হামলা চালায়। লড়াইয়ে তাদের মধ্যে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অন্য দুজন সম্ভবত পালিয়ে গেছে। আমরা এখনো তল্লাশি চালাচ্ছি। সন্ধ্যা নাগাদ সবকিছু পরিষ্কার হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিহত চার জঙ্গির একজন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। অপর তিনজনের লাশ পাওয়া গেছে। এ ছাড়া আত্মঘাতী হামলার কাজে ব্যবহূত একটি জ্যাকেট ও কিছু তাজা গ্রেনেড পাওয়া গেছে।’পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তদারক করার নির্দেশ দেন।তালেবানের দায় স্বীকার: হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানরা। তাদের মুখপাত্র এহসানুল্লাহ এহসান গতকাল অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতেই আমরা এ হামলা চালিয়েছি। একই সঙ্গে এর মাধ্যমে প্রমাণ দিলাম, আমরা এখনো ঐক্যবদ্ধ ও শক্তিশালী।’ এহসান বলেন, ‘বিন লাদেন শহীদ হওয়ার পরপরই আমরা বলেছিলাম, আরও বড় বড় হামলা চালানো হবে।’যেভাবে হামলা ও লড়াই: করাচির মাসরুরে অবস্থিত পাকিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি। এখানে পরমাণু অস্ত্র মজুদ আছে বলে ধারণা করা হয়। মাসরুর ঘাঁটি থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে মেহরান এলাকায় অবস্থিত নৌবাহিনীর প্রধান বিমানঘাঁটি।স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানান, স্থানীয় সময় রোববার রাতে সাড়ে ১০টার দিকে মেহরান ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালায়। তারা বিমানঘাঁটির পেছন দিকের সীমানাপ্রাচীরের মাথার কাটাতাঁরের বেড়া কেটে দুটি মই বেয়ে ভেতরে ঢুকে পড়ে। রাতের অন্ধকারের মধ্যেই তারা এ কাজ করে এবং এ সময় তাদের পরনে ছিল কালো পোশাক। এ জন্য নিরাপত্তা ক্যামেরায় বিষয়টি ধরা পড়েনি। তাঁদের কাছে ছিল রকেট লঞ্চার, গ্রেনেড ও হালকা মেশিনগান।কর্মকর্তারা জানান, জঙ্গিদের হামলার প্রথম লক্ষ্য ছিল টার্মাক ও হ্যাঙ্গারে রাখা জঙ্গি বিমান ও সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের তৈরি ডুবোজাহাজ-বিধ্বংসী ও নৌ-পর্যবেক্ষণের কাজে ব্যবহূত পি-থ্রিসি ওরিয়ন বিমানও সেখানে ছিল। জঙ্গিরা রকেট-নিক্ষিপ্ত গ্রেনেড দিয়ে ওই সব বিমানে হামলা চালায়। এতে কমপক্ষে দুটি বিমানে আগুন ধরে যায়।প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা আরও জানান, এরপর অস্ত্রধারী জঙ্গিরা এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এতে নৌবাহিনীর অনেক সদস্য নিহত হন। একপর্যায়ে জঙ্গিরা ঘাঁটির প্রধান ভবনে ঢুকে পড়ে। ততক্ষণে নৌবাহিনীর কমান্ডো ও নৌসেনারা পাল্টা আক্রমণ শুরু করেন। তাঁদের সহযোগিতায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসে সেনাবাহিনীর একটি বড় দল। এরপর শুরু হয় দুই পক্ষে গোলাগুলি। প্রায় ১৬ ঘণ্টা পর গতকাল বেলা তিনটা নাগাদ জঙ্গিদের হটিয়ে ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেন পাকিস্তানি সেনারা।নৌবাহিনীর কমোডর ইরফান উল হক বলেন, ‘ঘাঁটির মধ্যে জঙ্গি বিমান ও অনেক সরঞ্জাম ছিল। এ জন্য খুবই সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হয়েছে। এ কারণেই জঙ্গিদের হটাতে এত সময় লেগেছে।’বিদেশিরা নিরাপদে: স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানান, ওই ঘাঁটিতে কাজ করতেন ১৭ বিদেশি নাগরিক। এর মধ্যে ১১ জন চীনা। তাঁদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।ইসলামাবাদের মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ছয় মার্কিন ঠিকাদার ওই ঘাঁটিতে ছিলেন। তাঁরা নৌবাহিনীর বিমান রক্ষণাবেক্ষণে সহযোগিতা করতেন। হামলার পর তাঁদের সবার খোঁজ পাওয়া গেছে।নাগরিকদের ক্ষোভ: নৌবাহিনীর বিমানঘাঁটির মতো একটি সুরক্ষিত জায়গায় জঙ্গি হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।করাচির একটি প্রকৌশল প্রতিষ্ঠানের কর্মকর্তা মাজহার ইকবাল বলেন, ‘এমন একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতেও যদি ওই লোকেরা ঢুকে যেতে পারে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিজেদের নিরাপদ বোধ করবে?’ তিনি বলেন, ‘সরকার ও সেনাবাহিনী দুর্নীতিগ্রস্ত। আমাদের জন্য প্রয়োজন নতুন নেতৃত্ব, যারা পাকিস্তানের মঙ্গল চায়।’আগের ঘটনা: ২০০৯ সালের অক্টোবরে রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে হামলা চালিয়ে একাংশ জিম্মি করে ফেলে জঙ্গিরা। ওই ঘটনার পর রোববার রাতের এই হামলায় পাকিস্তানের সামরিক স্থাপনায় সবচেয়ে বড় হামলা।এর আগে গত শনিবার পেশোয়ার শহরে মার্কিন কনস্যুলেটের দুটি গাড়িতে হামলা চালায় তালেবানরা। এতে কোনো মার্কিন কর্মকর্তা হতাহত না হলেও এক পাকিস্তানি নাগরিক নিহত ও আরও কয়েকজন আহত হন।এ ছাড়া চলতি মাসে আরও কয়েকটি হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা। এর মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলায় নিহত হন দুই পুলিশ সদস্য এবং একটি আধাসামরিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে জোড়া আত্মঘাতী হামলাও চালায় জঙ্গিরা। এএফপি, রয়টার্স, বিবিসি, নিউইয়র্ক টাইমস।