সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজপ্রথম আলো: ভারতকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে বিএনপি সব সময় বিরোধিতা করে আসছে। আপনাদের এ বিরোধিতার পেছনে যুক্তিটা কী?শমসের মবিন চৌধুরী: সরকার ভারতকে ট্রানজিট দেওয়ার নামে যা বলছে, ট্রানজিটের সংজ্ঞা এটা না। ট্রানজিটের নামে তো ভারতকে করিডর দেওয়া হচ্ছে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন হবে। কাজেই এটা যে করিডর, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর পুরো প্রক্রিয়াটিই হচ্ছে একেবারে অস্বচ্ছভাবে। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পক্ষপাতী। কিন্তু এখনো দুই দেশের সম্পর্কে আস্থার ঘাটতি আছে। আশা করব, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় আস্থার ঘাটতি দূর হবে। কাজেই আস্থার ঘাটতি দূর করার আগে তড়িঘড়ি করে স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিলে জনগণের মধ্যে পুরো প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক।অন্যদিকে করিডর দেওয়ার আগে নিরাপত্তা, পণ্য পরিবহনের প্রক্রিয়া ও অবকাঠামো ব্যবহার নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়ে গেছে। কাজেই কারিগরি সব তথ্য যাচাই-বাছাই শেষে রাজনৈতিকভাবে বিষয়টির সুরাহা করতে হবে। তড়িঘড়ি করার কিছু নেই। প্র. আ.: ট্রানজিট দেওয়ার আগে কারিগরি হিসাব-নিকাশের কথা বলছেন। এ নিয়ে আপনারা কি কখনো কোনো সমীক্ষা বা গবেষণা করেছেন?শমসের: না, এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো সমীক্ষা কখনো করা হয়নি। তবে এখন পর্যন্ত যেসব সমীক্ষা করা হয়েছে, তাতে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগের কথা বলা হচ্ছে। ভারত যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে সে দেশের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করে, তবে তার সময় ও খরচ কম হবে। তাতে তো ভারতেরই লাভ হবে। আমাদের তো লাভের কিছু নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ কেউ টিভিতে গিয়ে বলেন, ট্রানজিট মাশুল আদায়ের মাধ্যমে অনেক লাভ হবে। এতে করে মাশুলের হার নিয়ে দ্বিমত সৃষ্টি হয়। ভারতের পক্ষ থেকেও বলা হচ্ছে, এত উচ্চ হারে মাশুল আদায়ের প্রত্যাশা কেন? আসলের মাশুল নিয়ে সরকার জনগণকে বোকা বানাচ্ছে। প্র. আ.: ট্রানজিট না দিলে ভারতের সঙ্গে সম্পর্কে লাভ-ক্ষতি কী হবে বলে আপনার ধারণা?শমসের: ভারত একটি বৃহৎ ও শক্তিশালী দেশ। শুধু করিডরের ওপর ভিত্তি করে ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককে মূল্যায়ন করবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সুসম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেবে। কিন্তু এটাকে যদি দর-কষাকষির হাতিয়ার (Leverage Point) হিসেবে ব্যবহার করা হয়, তবে তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। প্র. আ.: ভারতকে ট্রানজিট দেওয়ার মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ মেয়াদে কীভাবে লাভবান হতে পারে?শমসের: ভারত বাংলাদেশের মাধ্যমে করিডর পেলে আর্থিকভাবে লাভবান হবে। কাজেই এটা আদায় করতে চাওয়াটা তার জন্য স্বাভাবিক। কিন্তু এর বিপরীতে আমরা কী চাইছি আর কী পাব, সেটা কিন্তু স্পষ্ট নয়। তিস্তার পানি বণ্টনে অন্তর্বর্তীকালীন একটি চুক্তি সইয়ের কথা বলা হচ্ছে। কিন্তু চুক্তিতে কী আছে তা এখনো আমরা জানি না। দুই দেশের মধ্যে অমীমাংসিত যে বিষয়গুলো আছে, তার সুরাহার ওপর জোর দিতে হবে। শুধু করিডর দেওয়ার মাধ্যমে আস্থার ঘাটতি দূর করার চেষ্টা করা যাবে না। এটা করা ঠিকও হবে না। তাই করিডরের বিষয়ে সুরাহা করার আগে অন্য সব অমীমাংসিত বিষয়েও জানতে হবে। এসব বিষয় সুরাহার মাধ্যমে আস্থার পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিতে হবে। প্র. আ.: ট্রানজিট নিয়ে আপনাদের অবস্থান ভবিষ্যতে কী হবে? শমসের: আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল বিএনপি সব সময় কানেকটিভিটি বা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পক্ষে। তবে এ নেটওয়ার্ক শুধু দক্ষিণ এশিয়ায় সীমিত রাখা নয়, ছড়িয়ে দিতে হবে এ অঞ্চলের বাইরে। প্রয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত ইতিবাচক। আর ট্রানজিট মানেই হবে তৃতীয় দেশে রপ্তানির সুযোগ। শুধু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন নয়।